২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের অগ্রিম টিকেট: ৩য় দিনে ভিড় বেড়েছে চট্টগ্রামে  

কোরবানির ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট ছাড়ার প্রথম দুদিনে চট্টগ্রামে তেমন চাহিদা না থাকলেও তৃতীয় দিনে টিকেটের জন্য রেল স্টেশনের কাউন্টারে ব্যাপক ভিড় জমেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 01:03 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বৃহস্পতিবার সকালে সরেজমিনে স্টেশনে গিয়ে দেখা যায়, ২২ সেপ্টেম্বরের টিকেট সংগ্রহ করতে সাতটি কাউন্টারের প্রত্যেকটিতে যাত্রীদের দীর্ঘ সারি।

অনেককেই গভীর রাত থেকে টিকেটের জন্য অপেক্ষা করতে দেখা গেলেও টিকেট না পাওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্পেশাল ট্রেনের টিকেট দেওয়া শুরু হয়েছে। দুটি স্পেশাল ট্রেনের বিপরীতে সাড়ে তিন হাজার টিকেট থাকছে। সব মিলে বৃহস্পতিবার সাড়ে সাত হাজার টিকেট বিক্রির জন্য আছে।

তিনি বলেন, “দীর্ঘ সারি হলেও ধৈর্য ধরলে সবাই টিকেট পাবে। পাশাপাশি কালোবাজারি রোধে ৩২টি সিসি ক্যামেরায় মনিটরিংসহ র‌্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেল পুলিশ দায়িত্ব পালন করছে।”

প্রথম দুই দিন টিকেট সংগ্রহে তেমন নারী উপস্থিতি দেখা না গেলেও বৃহস্পতিবার নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।  

চট্টগ্রাম রেল স্টেশনের ছয় নম্বর কাউন্টার থেকে পুরুষদের পাশাপাশি নারীদেরও টিকেট বিক্রি করা হচ্ছিল। 

টিকেট সংগ্রহে আসা লায়লা বেগম বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, “ভোর ৫টায় সাত নম্বর টিকেট কাউন্টারে লাইনে দাঁড়িয়েছি। প্রতি চারজন পুরুষের বিপরীতে মাত্র একজন নারীকে টিকেট দেয়া হচ্ছে।

“নারীদের জন্য আলাদা কাউন্টার থাকলে ভোগান্তিটা অনেক কমে যেত ।”

বুধবার রাত ৩টা থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের টিকেটের জন্য স্টেশনে অপেক্ষা করে বৃহস্পতিবার সকাল ১১টায় টিকেট পান রবিন চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লম্বা লাইন; রাত থেকে অপেক্ষা করে অবশেষে টিকেট পেয়ে স্বস্তি লাগছে।

রেলওয়ে পূর্বাঞ্চল মঙ্গলবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করলেও শুরুর দুদিন টিকেটের জন্য যাত্রীদের খুব একটা ভিড় ছিল না।

প্রতি দিন নয়টি ট্রেনের বিপরীতে চার হাজার ২৮০টি টিকেট দেওয়া হচ্ছে ৭টি কাউন্টার থেকে; সঙ্গে থাকছে স্পেশাল ট্রেনের সাড়ে তিন হাজার টিকেট।  

এর মধ্যে ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস ট্রেনের ৫২৬টি, তূর্ণার ৪০৯টি, প্রভাতী ১১১টি, সিলেটগামী পাহাড়িকা ৮৫ টি ও উদয়ন ১১৪টি, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ৩৮৭টি, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস টেনের ২০৫টি এবং চট্টলার ৭৩টি টিকেট বিক্রির জন্য রাখা হয়।

চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত চাহিদা মেটাতে ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টম্বর প্রতিদিন চাঁদপুরগামী দুটি স্পেশাল ট্রেন চলবে।

“ঈদের পর দিন থেকে এক সপ্তাহ স্পেশাল ট্রেন দুটি চলবে।”