চট্টগ্রামে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক দুই ঘণ্টা আটকে বিক্ষোভ দেখিয়েছেন আমিন জুট মিলের শ্রমিকরা।
পুলিশের সঙ্গে আলোচনার পর মিল কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের আশ্বাস দিলে বেলা ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
শিল্প পুলিশের (পরিদর্শক) গোয়েন্দা আরিফুর রহমান জানান, মিল কর্তৃপক্ষ রোববার এক সপ্তাহের বকেয়া বেতন ও পরে অন্য বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শ্রমিকরা বায়েজিদ এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়ক এবং কারখানার ভেতর দিয়ে যাওয়া চট্টগ্রাম-নাজিরহাট-বিশ্ববিদ্যালয়গামী রেলপথ অবরোধ করেন বলে শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান জানান।
ম্যাপ: চট্টগ্রাম
পিন্টু দাশ নামে জুট মিলের এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ১০ সপ্তাহের বেতন বাকি। কর্তৃপক্ষ মাত্র এক সপ্তাহের বকেয়া বেতন দিতে চায়। কবে দেবে তাও জানায়নি।”
তাই পুরো বকেয়া পরিশোধের দাবিতে তারা বাধ্য হয়েই রাস্তায় নামেন, বলেন পিন্টু।
পাটকলটির প্রায় দেড় হাজার শ্রমিকের বেতন বকেয়া বলে জানান তিনি।
পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মিল পকর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন পুলিশ কর্মকর্তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন আমিন জুট মিলের মহাব্যবস্থাপক জ্যোৎস্না বেগম, নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (পাঁচলাইশ) দীপক জ্যাতি খীসা, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আল বেরুনী ও এস এ খালেক ও শ্রমিক নেতারা।
