২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধিতে চট্টগ্রামে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

গ্যাস-বিদ্যুতের দাম ও গণ পরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 08:55 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোস্ত বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম বলেন, বিশ্ব বাজারে ক্রমাগত তেলের দাম কমছে। অথচ অযৌক্তিকভাবে সরকার ১ সেপ্টেম্বর থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে।

“এটা অত্যন্ত দুঃখজনক। সরকারি সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে গণ পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানিয়েছে সরকার। সব মিলিয়ে জনগণের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।”

শামসুদ্দিন খালেদ সেলিম বলেন, “জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেলে তারা চুপ করে থাকবে না। সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আমরা জনগণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব। ”

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওর্য়ার্কাস পার্টির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোকতার আহমেদ, শরীফ চৌহান, আবু সৈয়দ বলাই, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী ও যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আরিফ নুর।