চবিতে প্রহরীকে শিক্ষার্থীদের মারধর
বেঞ্চ নিতে নিষেধ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক প্রহরীকে মারধর করেছে একদল শিক্ষার্থী।
সোমবার বিকালে আলাওল হলে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীরা ছাত্রলীগে যুক্ত বলে জানিয়েছে হলের ছাত্ররা।
আহত মো. মঞ্জুর আলম আলাওল হলে প্রহরী হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে আলাওল হলের মাঠে খেলতে আসা কয়েকজন ছাত্রলীগকর্মী হল থেকে প্রহরীদের বসার বেঞ্চ মাঠে নিতে চাইলে নিষেধ করেন মঞ্জু।
“এসময় আট-দশজন মিলে স্ট্যাম্প দিয়ে মঞ্জুকে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খেলার সময় বাধা দেওয়ায় আলাওল হলে একজন প্রহরীকে মারধর করা হয়েছে বলে শুনেছি।”
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক শুভাশীষ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে আলাওল হলের ওই প্রহরীকে আনা হয়।
“তার বাম হাত ফুলে গেছে এবং শরীরের অন্য জায়গাতেও আঘাতের চিহ্ন আছে।”
ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলাওল হলে আমাদের কয়েকজন কর্মী খেলতে গেলে শিবিরের কয়েকজন কর্মীর সাথে তাদের ঝগড়া হয়েছিল। তবে কোনো প্রহরীকে মারধর করা হয়নি।”
