বঙ্গবন্ধুর নাম বিকৃতির অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রশ্নপত্রের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ‘বিকৃত’র অভিযোগে এক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে।
আনোয়ারা উপজেলার মালঘর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-ই এলাহীর আদালতে এই মামলা করেন।
আসামি মহিউদ্দিন মো. আলমগীর বর্তমানে পটিয়ার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ঘটনার সময় তিনি আনোয়ারার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন।
বিচারক মামলা আমলে নিয়ে আসামিকে ২২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেছেন বলে বাদিপক্ষের আইনজীবী রবি শঙ্কর চৌধুরী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ২০১৪ সালের ১১ ডিসেম্বর মালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের নৈর্ব্যত্তিক প্রশ্নপত্রে বঙ্গবন্ধুর ডাকনাম বিষয়ে একটি প্রশ্ন ছিল।
“বঙ্গবন্ধুর ডাক নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর হিসাবে ছিল বাবু, বকুল, লোকা ও জাদু। এরমধ্যে কোনোটিই সঠিক নয়। এছাড়া ‘লোকা’ শব্দের অর্থ দুর্বৃত্ত, দুষ্ট প্রকৃতির, নিচু বংশের লোক বা গোলাম।”
‘খোকা’ জাতির জনকের ডাক নাম ছিল জানিয়ে তিনি বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের প্রশ্নপত্রে জাতির জনকের ভাবমূর্তি ক্ষুন্ন ও বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগে মামলা করা হয়।”
মামলার বাদি মোয়াজ্জেম হোসেন জানান, তার ছোট ভাই তৃতীয় শ্রেণির ছাত্র। তার প্রশ্নপত্রে বিষয়টি দেখার পর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন।
“তিনি (প্রধান শিক্ষক) জানান প্রশ্নপত্র প্রণয়নের দায়িত্ব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। এরপর প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে দেখা করলে তিনি কোনো সদূত্তর দিতে পারেননি।”
বিষয়টি তিনি শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছেন বলেও জানান মোয়াজ্জেম।
