২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 09:10 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

শনিবার দুপুরে লোহাগাড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০০৮ সালে তিনি বলেছিলেন- বাংলাদেশকে বদলে দেবেন। আমি মনে করি তিনি যথার্থই বলেছিলেন। বদলে দিয়েছেন বাংলাদেশকে।

“কোথা থেকে কোথায় যাচ্ছি আমরা। আজ আমরা মধ্যম আয়ের দেশ।”

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “প্রধানমন্ত্রী কাউকে তোয়াক্কা করেন না। তিনি বিশ্ব ব্যাংককে তোয়াক্কা করেন নাই। কোনো রক্তচক্ষু তোয়াক্কা করেন নাই।

“সেটা আপনারা দেখেছেন পদ্মা সেতু নির্মাণে। তিনি মানুষের কাছে গিয়েছেন। মানুষের কথা বলেছেন। মানুষের যা দাবি দাওয়া তিনি তা একে একে পূরণ করছেন। তিনি কাউকে তোয়াক্কা করেন না।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একটা তথ্য অনুসন্ধানী প্রতিষ্ঠান তারা জরিপ করে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনসমর্থন ৬৭ শতাংশ। তার মানে কি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানুষের হৃদয় জয় করে ফেলেছেন।

“বাংলাদেশকে সত্যিকারের বদলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আগামীতেও তার একটা ভিশন আছে। তার দূরদৃষ্টি আছে। তারমধ্যে আছে দেশপ্রেম।”

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম ও এসপি এ কে এম হাফিজ আক্তার।

সুধী সমাবেশ শেষে মন্ত্রী চুনতিতে একটি ফায়ার সার্ভিস স্টেশনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।