চট্টগ্রামে হামলার প্রতিবাদ ফলের আড়ত বন্ধ রেখে
চট্টগ্রামের কোতোয়ালি থানার বিআরটিসি ফলমণ্ডি এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় ৪ ঘণ্টা আড়ত ও দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন ফল ব্যবসায়ীরা।
শনিবার সকাল থেকে এই কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
শুক্রবার রাতে জামতলা বস্তিকেন্দ্রিক এক দল ফলমণ্ডিতে হামলা চালায় বলে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মালেক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সমিতির যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম বলেন, “বস্তির সন্ত্রাসীরা মাহবুব এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাংচুর করে এবং মালামাল নষ্ট করে। সন্ত্রাসীদের হাতে আমাদের কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারী লাঞ্ছিত হয়েছে।”
বস্তির সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরেই ফলমণ্ডিতে আসা পাইকারদের কাছ থেকে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তবে এ ঘটনাকে পূর্ব বিরোধের জের বলে দাবি করেছেন কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাতে মহিউদ্দিন ফলমণ্ডিতে এলে পূর্ব বিরোধের জের ধরে সেলিম খান নামের এক ফল ব্যবসায়ী তাকে মারধর করে।
“পরে মহিউদ্দিন জামতলা বস্তি থেকে লোকজন নিয়ে ফলমণ্ডিতে যায়। সেখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবির বিষয়ে জানতে চাইলে ওসি জানান, রাতের ঘটনায় ব্যবসায়ীরা কেউ কোনো মামলা করেনি।
এদিকে শনিবার সকালে ফল ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন নগরীর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম ও এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু।
ফলমণ্ডিতে প্রায় ২০০ আড়ত রয়েছে। এখানকার ব্যবসায়ীদের মধ্যে ৩৫ জন আমদানিকারক আছে বলে সমিতির নেতারা জানিয়েছেন।
