জঙ্গি অর্থায়ন: অসুস্থ হয়ে শাকিলা হাসপাতালে
জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার শাকিলা ফারজানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারারক্ষক মো. জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ বোধ করায় কারা হাসপাতালের চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠিয়েছে।”
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, বিকাল পৌনে ৫টার দিকে শাকিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
১৮ অগাস্ট ঢাকা থেকে গ্রেপ্তার হন বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা।
একই সঙ্গে আরও দুই আইনজীবী মো. হাসানুজ্জামান লিট ও মাহফুজ চৌধুরী বাপন গ্রেপ্তার হন।
গ্রেপ্তারের পর ব্যারিস্টার শাকিলা ও অন্য দুই আইনজীবী চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুই মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে শাকিলা দাবি করেন, হেফাজত ইসলামের মামলা পরিচালনার জন্য দুই ব্যক্তি তাকে টাকা দিয়েছিল। পরে হেফাজতের গ্রেপ্তার নেতাকর্মীদের জামিন করাতে না পারায় সে টাকা তিনি একটি ব্যাংক হিসাবে ফেরত দেন।
র্যাবের দেওয়া তথ্য মতে, শাকিলা যে ব্যাংক হিসাবে টাকা ফেরত দেন সেটি জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের নেতা মনিরুজ্জামান ডনের।
