২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ‘বে ও বাল্ক টার্মিনাল’ নির্মাণের দাবি

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থে ও চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ‘বে ও বাল্ক টার্মিনাল’ নির্মাণের দাবি জানিয়েছে ‘পোর্ট ইউজার্স ফোরাম’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 10:27 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আয়োজিত ফোরামের সভায় এ দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বন্দর এলাকার সংসদ সদস্য এম এ লতিফ এ দাবি জানিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ২৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব না।

“বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ৫ বছরে বন্দর আর লোড নিতে পারবে না। এজন্য দেশের চলমান অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বে ও বাল্ক টার্মিনাল নির্মাণ এখনই শুরু করা দরকার।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বন্দরের প্রবৃদ্ধির কারণে দক্ষ মানব সম্পদ ও ইকুইপমেন্ট সংগ্রহ, সিটিএমএস, এসাইকোডাসহ সব সিস্টেমের ত্রুটিপূর্ণ অপারেশনাল ম্যানেজমেন্ট, বন্দর চ্যানেলের ড্রেজিং এবং বন্দর এলাকায় ভয়াবহ যানজট নিরসনে সব পক্ষের সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে বলে জানান পোর্ট ইউজার্স ফোরাম চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

সভায় চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম ভূমি অধিগ্রহণে সরকারি অনুমতি প্রক্রিয়াধীন জানিয়ে বলেন, “বে-টার্মিনাল নির্মাণ করা হলে আরও ২০০-৩০০ বছর এই বন্দরের মাধ্যমে সেবা দেওয়া সম্ভব।”

অন্যান্যের মধ্যে চট্টগ্রাম কাস্টম কমিশনার হোসেন আহমেদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, বিজিএমইএ’র পরিচালক অঞ্জন শেখর দাশ, সিএন্ডএফ সভাপতি এ. কে. এম. আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বক্তব্য রাখেন।

সভায় বিজিএমইএ, বিকেএমইএ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিসিএসএ, বিকডা, বারভিডাসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।