ফের কারাফটকে আটক চট্টগ্রামের জামায়াতনেতা আহসান উল্লাহ
জামিনে মুক্ত হওয়ার পর কারাফটক থেকে ফের আটক করা হয়েছে জামায়াত ইসলামী চট্টগ্রাম নগর কমিটির নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহকে।
এনিয়ে তৃতীয় দফায় তাকে কারাফটক থেকে আটক করা হলো।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসার পরপরই তাকে আাটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয় বলে ওসি জসীম উদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।”
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদ হোসেন জানান, আহসান উল্লাহর বিরুদ্ধে পাঁচলাইশ থানার একটি মামলায় জামিনের কাগজপত্র আসার পর তা যাচাই বাছাই করে সকাল সাড়ে ১০টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
গত ৮ মার্চ হালিশহর এলাকার একটি বাসা থেকে পুলিশ আহসান উল্লাহকে গ্রেপ্তার করেছিল। গত ২৪ অগাস্ট জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটক থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
সবশেষ গত সোমবার পাঁচলাইশ, কোতোয়ালী ও চকবাজার থানার চারটি মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটক থেকে তাকে গ্রেপ্তার করে করেছিল পুলিশ।
পরদিন পাঁচলাইশ থানার একটি ভাংচুর মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
