লোহাগাড়ায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘হানিফ এন্টারপ্রাইজের’ বাস থেকে মোহাম্মদ মিয়াকে আটক করা হয়।
“পরে তার ব্যাগ তল্লাসি করে স্থানীয়ভাবে তৈরি দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।”
মোহাম্মদ মিয়া অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি শাহজাহান।
“অস্ত্রগুলো চট্টগ্রামে সরবরাহ করতে মহেশখালী থেকে আনা হচ্ছিল বলে সে জানিয়েছে।”
