২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঈদে ‘মাস্তানি’ বন্ধে সিএমপির নির্দেশনা

কোরবানির ঈদে এলাকা ভিত্তিক ‘মাস্তানি’ এবং চামড়া কেনাবেচায় ‘সিন্ডিকেট’ প্রতিরোধে সতর্ক  থাকতে পুলিশের কর্মকর্তা, ব্যবসায়ী ও হাট ইজারাদারদের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 12:58 AM

Updated : 22 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার বিকালে সিএমপি সদরদপ্তরে নগর পুলিশের বিভিন্ন কর্মকর্তা, চামড়া ব্যবসায়ী ও হাট ইজারাদারদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন কমিশনার আব্দুল জলিল মণ্ডল।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছর চামড়া পাচারের অভিযোগ উঠে। এবারে যাতে কোনো অভিযোগ না আসে এবং চামড়া পাচার ঠেকাতে পুলিশ ও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।”

এসব বিষয়ে কঠোর অবস্থানে থাকতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

এছাড়া ‘সিন্ডিকেট’ করে যেন চামড়ার দাম কমানো-বাড়ানো না হয় সে বিষয়েও পুলিশ ও ব্যবসায়ীদের সজাগ থাকতে বলা হয়েছে বলে জানান শহীদুর।

ঈদকে সামনে রেখে বিভিন্ন অপরাধ দমনে কর্মকর্তাদের জন্য নির্দেশনা জারি করেছে সিএমপি।

ওই নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকে ঈদ পর্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তল্লাশির নামে কোনো ধরনের পণ্যবাহী যানবাহন তল্লাশি করতে পারবে না পুলিশ।

বিভিন্ন সময়ে কাগজপত্র তল্লাশির নামে গরুবোঝাই ট্রাক থামিয়ে হয়রানি ও টাকা দাবির অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।

শহীদুর বলেন, “বুধবার থেকে নগরীতে প্রবেশ ও বের হওয়ার সময় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পণ্যবাহী বিশেষ করে কোরবানীর পশু ও মসলা বোঝাই কোনো যানবাহন কাগজপত্র দেখার নামে তল্লাশি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুধু ‘ক্রাইম ডিভিশনের’ সহকারী কমিশনার অথবা থানার ওসির উপস্থিতিতেই গাড়ি তল্লাশি করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রামে ১০টি পশুর হাট থাকবে। এরমধ্যে দুটি বড় হাট থাকবে পাহাড়তলী ও পাঁচলাইশ থানার অধীনে সাগরিকা ও বিবিরহাট এলাকায়।

এছাড়া গতবারের মতো এবছরও নগরীর বাজারগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন, সিসি টিভি ক্যামেরা স্থাপন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

পুলিশ কর্মকর্তা শহীদুর বলেন, জাল টাকা রোধে পশুর বাজারেও টাকা শনাক্তকারী মেশিন বসানোর সিদ্ধান্ত হয়েছে।

পুলিশের কাছে থাকা জাল টাকা শনাক্তকারী মেশিনগুলোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংককেও মেশিন বসানো এবং টাকা বহনের সুবিধার্থে বাজারে বুথ বসানোর জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে পশুর হাটের বাইরের রাস্তায় যান চলাচল ও মানুষের হাঁটাচলার সুবিধার্থে রাস্তা পরিষ্কার রাখতে পুলিশ ও ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে।