২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবাসন ব্যবসায়ী খুনের আসামির আত্মসমর্পণ

চট্টগ্রামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে হত্যার অভিযোগ নিয়ে পালিয়ে থাকা এক যুবক আদালতে আত্মসমর্পণ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 06:37 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায়ের আদালতে সোমবার ওই যুবক আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী সাইফুর রহমান সিদ্দিকী আকাশ (১৮) নগরীর বাকলিয়া বেলাখান মসজিদ এলাকার ছৈয়দুর রহমানের ছেলে।

আফতাব উদ্দিন আল কাদের নামে চট্টগ্রামের ‘ওয়ান প্রপার্টিজ লিমিটেড’ নামে একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে হত্যা মামলায় আসামি আকাশ।

গত ১৯ অগাস্ট রাতে বাকলিয়া থানার আব্দুল লতিফ হাটখোলা এলাকায় ওই খুনের ঘটনা ঘটে। ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে আকাশসহ ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আকাশ পলাতক ছিলেন। দুপুরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পর পুলিশ জানিয়েছিল, বেলাখান মসজিদ এলাকায় আকাশের বাবা ছৈয়দুর রহমানের জায়গায় ভবন নির্মাণ করছিল আফতাবের প্রতিষ্ঠান ‘ওয়ান প্রপার্টিজ’। ভবন নির্মাণের চুক্তি নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে ছৈয়দুর রহমানের বিরোধ চলে আসছিল।

১৯ অগাস্ট ছৈয়দুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা গেলে আবাসন ব্যবসায়ী আফতাব তার তিন বন্ধুকে নিয়ে লাশ দেখতে যান। এ সময় আকাশ তাকে ছুরি দিয়ে আঘাত করলে হাসপাতালে নেওয়ার পর আফতাব মারা যান।

 হত্যার পর ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

বাকলিয়ার ওসি মহসিন বলেন, আত্মসমর্পণের পর ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আকাশকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে।