২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরল কোকেন: ফের পরীক্ষাগারে নমুনা

ভোজ্যতেলের ঘোষণা দিয়ে তরল কোকেন আনার ঘটনায় জব্দ একটি ড্রামের নমুনা পুনরায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষাগারে পরীক্ষা করার অনুমতি দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 09:11 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু ৫৯ নম্বর ড্রামের নমুনা পুনরায় পরীক্ষার অনুমতি দেন।

চট্টগ্রাম আদালতে পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, মামলার তদন্ত কর্মকর্তা ৫৯ নম্বর ড্রামের নমুনা সংগ্রহ করে তা পুনরায় পরীক্ষার আবেদন করেছিলেন।

“এর প্রেক্ষিতে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকার পরীক্ষাগারে নমুনা পরীক্ষার আদেশ দিয়েছেন।”

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৭ জুন বলিভিয়া থেকে আসা চট্টগ্রাম বন্দরে থাকা সূর্যমুখী তেলভর্তি ১০৭টি ড্রাম বোঝাই একটি কন্টেইনার আটক করে সিলগালা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

পরদিন গোয়েন্দা পুলিশ, শুল্ক গোয়েন্দা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে নমুনা পরীক্ষা করা হয় ড্রামগুলোর।

এতে কোকেনের অস্তিত্ব পাওয়া না গেলেও ঢাকায় দুটি পরীক্ষাগারে পরীক্ষার পর ৯৬ নম্বর ড্রামে তরল কোকেনের উপস্থিতি ধরা পড়ে।

কোকেনকাণ্ডে এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

বন্দর কর্মকর্তাদের বক্তব্য, বলিভিয়া থেকে আমদানি করা কনটেইনারটি জাহাজীকরণ হয় উরুগুয়ের মন্টিভিডিও বন্দর থেকে। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে গত ১২ মে কনটেইনারটি এসে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে।

চট্টগ্রামের খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেডের নামে কনটেইনারটি আমদানি করা হলেও বন্দরে আসার পর এর মালিকানা কেউ দাবি করেনি।

তবে খান জাহান লিমিটেডের মালিক নূর মোহাম্মদ দাবি করেছিলেন, তার এক কর্মচারী এটি এনেছে। এ বিষয়ে তিনি কিছু জানেন না।

পুরনো খবর:

বন্দরের সেই কন্টেইনারে মিলেছে কোকেন