চট্টগ্রামে ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে ৩ লাখ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব সদস্যরা।
র্যাব -৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন বলছেন, গ্রেপ্তার মো. আমীর হোসেন (৩৫) একজন ইয়াবা বিক্রেতা। শনিবার রাতে কর্ণফুলী থানাধীন বদরপুর এলাকায় তার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
বদরপুর এলাকার কালা মিয়া মিয়ার ছেলে আমীরের দূর সম্পর্কের ভাগ্নে জাফর আহমেদ গত ২৬ জুলাই র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
রোববার সকালে র্যাব-৭ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিফতাহ উদ্দিন বলেন, আমীর হোসেনকে গ্রেপ্তারের সময় প্রথমে তার কাছে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মোহাম্মদ উল্লাহ পাড়ায় তার শ্বশুরবাড়ির উঠানে মাটির নিচে লুকানো অবস্থায় পাওয়া যায় আরও এক লাখ ২০ হাজার ইয়াবা।
এরপর রোববার দুপুরে ওই উঠান খুঁড়ে আরও দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এলাকায় সাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে গত ১৩ মে পাঁচ লাখ ইয়াবাসহ সাতজনকে আটক করে র্যাব। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই ট্রলার ও ইয়াবা পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ চোরাকারবারি’ জাফরের।
গত ২৬ জুলাই পতেঙ্গা সি বিচ রোডের চেকপোস্টের কাছে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন জাফর।
র্যাব কর্মকর্তারা বলছেন, জাফর নিহত হওয়ার পর চট্টগ্রাম ও আশেপাশের অঞ্চলে তার ইয়াবা কারবারের নিয়ন্ত্রণ নিয়েছিলেন আমীর।
