সিসিসিকে স্বচ্ছ করতে সবাইকে সংশোধনের হুঁশিয়ারি মেয়রের
চট্টগ্রাম সিটি করপোরেশনকে স্বচ্ছ ভিত্তির ওপর দাঁড় করাতে সবাইকে সংশোধন হতে বললেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
মঙ্গলবার নগর ভবনে সিসিসির দ্বিতীয় সাধারণ সভায় স্ট্যান্ডিং কমিটিগুলোর সভাপতি নির্বাচনের আগে এ সতর্কবার্তা দেন মেয়র।
তিনি বলেন, “আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সিসিসিকে স্বচ্ছ ভিত্তির উপর দাঁড় করানো হবে। এ সময়ের মধ্যে সবাইকে সংশোধনের জন্য পরামর্শ দিচ্ছি। এ সময়ের পরে কোনও অভিযোগ এলে তা সঙ্গে সঙ্গে প্রতিকার করা হবে।”
আগামী এক বছরের মধ্যে ৪১ ওয়ার্ডের ৫৫ জন কাউন্সিলরদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম নগরীকে ‘গ্রীন সিটি’তে রূপান্তরিত করার ঘোষণাও দেন তিনি। সিসিসিকে পর্যায়ক্রমে ঢেলে সাজাবেন বলেও জানান নাছির।
সভায় সিসিসির ১৪টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে চারটির সভাপতি নির্বাচিত করেন মেয়র।
অবশিষ্ট কমিটিগুলোর সভাপতি আগামী ৭ সেপ্টেম্বর নির্বাচিত করা হবে বলে জানান তিনি।
অর্থ ও সংস্থাপন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে সভাপতি হয়েছেন ৩৭ নম্বর হালিশহর মনির নগর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিউল আলম। এ কমিটিতে সদস্য সচিব করা হয়েছে সিসিসির সচিব রশিদ আহমদকে।
মেয়রের ‘ক্লিন ও গ্রীন সিটির’ জন্য গুরুত্বপূর্ণ কমিটি, বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি হয়েছেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। তার সঙ্গে সদস্য সচিব হিসেবে আছেন সিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী।
নানা অনিয়মে ও অতিরিক্ত ভর্তুকির জন্য সংস্কারের অপেক্ষায় থাকা স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি হয়েছেন ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। এ কমিটির সদস্য সচিব সিসিসির প্রধান শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল্লাহ।
৩৪ নম্বর ওয়ার্ড পাথরঘাটার কাউন্সিলর ইসমাইল হোসেন বালিকে ক্রীড়া ও সংস্কৃতি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। তার সঙ্গে সদস্য সচিব হিসেবে এ কমিটিতেও আছেন সিসিসির সচিব রশিদ।
প্রতি কমিটিতে সাতজন করে ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন।
