চট্টগ্রামে রোটানা জেটের ফ্লাইট বাতিল: ভোগান্তিতে যাত্রীরা
যান্ত্রিক ত্রুটির কারণে বেসরকারি বিমান পরিবহন সংস্থা রোটানা জেটের চট্টগ্রাম-আবুধাবি ফ্লাইট বাতিল হওয়ায় ১২০ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
সোমবার রাত ৯টায় ফ্লাইটটি চট্টগ্রাম ছাড়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবারও দুদফায় ফ্লাইট ছাড়ার ঘোষণা দিলেও রাত ৮টা পর্যন্ত কোনও সুরাহা হয়নি।
রোটানা জেটের কর্মকর্তারা বলছেন, বিমানটির ত্রুটি সারানো হলে দ্রুতই আবুধাবির উদ্দেশ্যে ছাড়া হবে।
বিমানের একাধিক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ৯টায় ফ্লাইট ছাড়ার কথা থাকলেও রাত ৩টার দিকে তা যান্ত্রিক ত্রুটির কথা বলে বাতিল করা হয়। পরে তাদের নগরীর তিনটি হোটেলে রাখা হয়।
সর্বশেষ মঙ্গলবার বিকাল ৩টার দিকে ফ্লাইট ছাড়বে জানিয়ে বেলা ১২টার দিকে আবারও বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় ১২০ যাত্রীকে।
ওই ফ্লাইটের যাত্রী আবদুস সালাম বলেন, “দুপুরে নিয়ে যাবার পর আবারও বেলা ৩টার দিকে হোটেলে নিয়ে আসে।”
ফ্লাইট ছাড়ার বিষয়ে রোটানা জেটের কর্মকর্তাদের কাছ থেকে তাদের কোনও তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
রোটানা জেট চট্টগ্রামের ম্যানেজার আবদুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার রাতে আবুধাবীগামী ফ্লাইটটি বাতিল করা হয়। পরে যাত্রীদের আমাদের তত্ত্বাবধানে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে।”
ত্রুটি সারানো হলে ফ্লাইটটি যাত্রীদের নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে বলে জানান তিনি।
জুলাইয়ের প্রথম সপ্তাহে রোটানা জেট চট্টগ্রাম থেকে আবুধাবী রুটে ফ্লাইট চালু করে।
