চট্টগ্রামে গাড়িচাপায় গার্মেন্টকর্মীর মৃত্যু
চট্টগ্রামে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার আগ্রাবাদ বিদুৎভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ডবলমুরিং থানার এসআই মো. তোফাজ্জল হোসেন জানান।
নিহত কামাল হোসেন ওরফে কালাম (৩০) চট্টগ্রাম ইপিজেডের ‘স্মার্ট জ্যাকেট বিডি’ কারখানার সুইং অপারেটর ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মো. তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বায়েজিদ থানার বিশ্ব কবরস্থান এলাকার বাসা থেকে মোটর সাইকেলে করে ইপিজেডে কর্মস্থলে যাচ্ছিলেন কালাম। পথে গাড়ি চাপায় তিনি আহত হন।”
স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান।
