নতুন বন্দর চাই, তবে চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করে নয়: মহিউদ্দিন
দেশে নতুন বন্দরের প্রয়োজনীয়তা থাকলেও চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করা না হয় সে বিষয়ে সতর্ক করেছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশে নতুন বন্দর হোক কিন্তু কোনোভাবেই চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করে নয়। একটি চক্রান্তকারী মহল চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করতে চায়।
“চট্টগ্রাম বন্দরের বিশাল তহবিল নানা অজুহাতে লুটপাট হচ্ছে। এসব অপকর্ম কিছুতেই মেনে নেওয়া যাবে না।”
দীর্ঘ দিন ধরে বন্দরের বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম বন্দরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কর্ণফুলী নদীর ওপর পিলার সেতু বানিয়ে জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় গভীরতা কমানো হয়েছে।
“এতে নদীর নাব্যতা কমে যাওয়ায় কোনো বড় জাহাজ অচিরেই চট্টগ্রাম বন্দরে ঢুকতে পারবে না। এর ফলে শুধু চট্টগ্রামই নয়, সারা দেশের ভাগ্য বিপর্যয় ঘটবে।”
বন্দরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সিটি করপোরেশনের সাবেক মেয়র বলেন, বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং বন্দরের সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ অপচয়ের সুস্পষ্ট অভিযোগ আছে।
এ বিষয়ে তদন্ত দ্রুত শেষ করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান মহিউদ্দিন।
চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।
শ্রমিক নেতা ওয়াহিদ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও শহীদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি ও ডক বন্দর ফেডারেশনের মাহফুজুর রহমান খান।
