চট্টগ্রামে দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা
পাইলিংয়ের মাটি ফেলে খাল ও নালা ভরাট করায় চট্টগ্রাম নগরীর একটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এ অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেটের সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোরবানিগঞ্জ এলাকার বদর খালে পাইলিংয়ের মাটি ফেলায় রাইজিং প্রপার্টিজ নামে একটি আবাসন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”
এছাড়া চাক্তাই এলাকার ইসমাইল ফয়েজ সড়কে পাইলিংয়ের মাটি ফেলে নালা ভরাট করায় মো. নুর আবছারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই ভ্রাম্যমাণ আদালত নগরীর অক্সিজেন কাঁচাবাজার এলাকায় বাসি গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা মো. সেকান্দরকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
