২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ১০ কন্টেইনার ‘টেস্টিং সল্ট’ জব্দ

শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দিয়ে আনা ১০ কন্টেইনার টেস্টিং সল্ট চট্টগ্রাম বন্দরে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 11:09 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার চট্টগ্রাম বন্দরে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের এসব টেস্টিং সল্ট (মনো সোডিয়াম গ্লুটামেট) জব্দ করা হয়।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব টেস্টিং সল্ট বড় প্যাকেটের বদলে আড়াই কেজির প্যাকেটে করে আমদানি করে একটি প্রতিষ্ঠান।

“ছোট প্যাকেটে টেস্টিং সল্ট আমদানি করলে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। কিন্তু তারা ১০ শতাংশ শুল্ক দিয়ে ছোট প্যাকেটে পণ্য এনে প্রায় ২৫ লাখ টাকার মতো শুল্ক ফাঁকি দিয়েছে।”

শুল্ক কর্মকর্তা জাকির জানান, হেদায়েত অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান এই ১৬৩ মেট্রিক টন টেস্টিং সল্ট আমদানি করে টিভোলি এন্টারপ্রাইজ নামে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মাধ্যমে।