চবিতে নতুন দুটি বিভাগ
আগামী শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন দুটি বিভাগ।
‘সঙ্গীত’ ও ‘ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স’ নামে নতুন চালু হওয়া নতুন দুটি বিভাগে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মোট ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সঙ্গীত বিভাগে ২০ জন এবং ‘ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স’ বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করানো হবে।”
কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে ‘সঙ্গীত’ এবং নতুন করে চালু হওয়া শিক্ষা অনুষদের অধীনে ‘ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স’ বিভাগের কার্যক্রম শুরু হবে।
আকবর বলেন, “প্রতিবছর ভর্তি পরীক্ষায় খেলোয়াড় ও শিল্পীদের জন্য কোটা চালু থাকলেও এ বছর থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে।”
তবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা খেলোয়াড় কোটায় বিভিন্ন অনুষদে আবেদন করতে পারবে বলে জানান আকবর।
আগামী ৭-৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভর্তির আবেদনের কার্যক্রম।
১ নভেম্বর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।
