২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক ভিসার সহজ করার দাবি সাংসদ বাদলের

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভিসা প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন জাসদের কার্যকরী সভাপতি চট্টগ্রামের সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 08:15 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস ফোরাম’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

‘উগ্র মৌলবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত সমৃদ্ধ দক্ষিণ এশিয়া চাই’ শিরোনামের ওই সংবাদ সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক বাদল বলেন, দক্ষিণ এশিয়ায় এক দেশের জঙ্গি সন্ত্রাসীরা অন্য দেশে যখন যায় তখন তারা কোনো সরকারের কাছে ভিসা চায় না।  পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে তারা এক দেশ থেকে আরেক দেশে যায়।

“কিন্তু সাধারণ মানুষ তার প্রিয়জনকে দেখতে, প্রিয় স্থান দেখতে যখন যাওয়া-আসা করতে চায়, তারা পারে না।”

ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা করে বাদল বলেন, পশ্চিমবঙ্গে কয়েক কোটি বাঙালি আছে। তাদের অনেকের পৈত্রিক ভিটা বাংলাদেশে। অধিকাংশের গ্রামের বাড়ি চট্টগ্রামে।

“তারা বলে- ‘বোয়ালখালীর ওই গ্রামে আমাদের বাড়ি ছিল’। সে নিজের মাটি দেখতে চায়। কিন্তু আসতে পারে না।”

বাদল বলেন, “আমি সংসদ সদস্য। আমার একটা সার্ক স্টিকার ভিসা আছে। আমি সার্কের যে কোনো দেশে যে কোনো সময় যেতে পারি। আমি সাংসদ হওয়ার আগে যে সন্ত্রাসী ছিলাম না তার খবর কে নিয়েছে?

“আমি যদি সার্কের সব দেশে যেতে পারি তাহলে একজন বিজ্ঞানী, একজন শিক্ষক বা একজন চিকিৎসক কেন যেতে পারবেন না? ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে। মানুষ যেন কষ্ট না পায়।”

প্রাথমিকভাবে সার্কভুক্ত দেশগুলোর দুশা শিক্ষাবিদকে সার্কের যে কোনো দেশে যাওয়ার ভিসা দেওয়ার প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে চালু করার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও ভারতের লোকসভার সাবেক সদস্য দেবব্রত বিশ্বাস, ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সৈয়দ মার্গুব মোশেদ, ফোরামের নেতা ভানু রঞ্জন, সৈয়দুল আলম ও সিরাজুল ইসলাম রফি।