কারাফটকে ফের গ্রেপ্তার চট্টগ্রামের জামায়াতনেতা
জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন জানান, সোমবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে বের হলে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পাঁচলাইশ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহসান উল্লাহর বিরুদ্ধে নাশকতাসহ নয়টি মামলা ছিল। প্রত্যেকটি মামলায় জামিন হওয়ায় দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।
গত ৮ মার্চ ভোর রাতে নগরীর হালিশহর এলাকার একটি বাসা থেকে পুলিশ আহসান উল্লাহকে গ্রেপ্তার করে। ওই সময় তিনি সংগঠনটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে ছিলেন।
