২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলনা পিস্তলসহ ছিনতাইকারী গ্রেপ্তার চট্টগ্রামে

চট্টগ্রামে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের কাছে ধারাল অস্ত্রের সঙ্গে একটি খেলনা পিস্তুলও ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 08:40 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

বন্দর থানার পোর্ট কলোনির সামনে থেকে শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মোতালেব হোসেন (২৪), নজরুল ইসলাম (২৪), ওসমান আলী (২০) ও অটোরিকশা চালক জোবায়ের হোসেন জিকু (২০) । তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এসময় তাদের ব্যবহৃত নম্বরবিহীন একটি অটোরিকশা, দুটি চাপাতি, তিনটি কার্তুজ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার এসআই মো. কামরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাতে পোর্ট কানেক্টিং এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখে নম্বরবিহীন একটি অটোরিকশাটিকে থামার সংকেত দিলে সেটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

“ধাওয়া করে পোর্ট কলোনি এলাকায় পৌঁছানোর পর অটোরিকশা থেকে নেমে চার আরোহী পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।”

গ্রেপ্তারদের বরাত দিয়ে তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশা নিয়ে ঘোরাঘুরি করে সুবিধাজনক স্থানে পথচারীদের ধরে টাকা পয়সা ও মোবাইল ফোন হাতিয়ে নেয় তারা।”