‘মোশতাকদের’ চিহ্নিত করার আহ্বান বুলবুলের
ক্ষমতায় থাকতে হলে আওয়ামী লীগকে দলের ভিতরে খন্দকার মোশতাকদের মতো যারা আছেন তাদের চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
শনিবার দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সেমিনারে বুলবুল বলেন, “২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও ২০২১ সালের আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
“আমরা যদি এই দুটি উৎসবকে জাতীয় উৎসবে পরিণত করতে চাই তাহলে অবশ্যই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে এটা জাতীয় উৎসব থাকবে না।”
তিনি বলেন, “এখন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হলে কী করতে হবে? দলের ভেতর ‘খন্দকার মোশতাকদের’ চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে চুপ করে থাকলে হবে না। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। চিহ্নিত করে যদি চুপ করে থাকেন তাহলে ‘খন্দকার মোশতাকরাই’ জয়ী হবে। তারা জয়ী হলে ২০২১ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন না।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট কিছু সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হওয়ার পর নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন তার সরকারের মন্ত্রী খোন্দকার মোশতাক আহমেদ।
বঙ্গবন্ধু অপমানিত হন এমন কাজ করা থেকেও বিরত থাকার আহ্বান জানান মনজুরুল আহসান বুলবুল।
তিনি বলেন, “অনেকে স্লোগান দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলে। জয় বাংলা স্লোগান দেবেন আর বঙ্গবন্ধু অপমানিত হন এমন কাজ করবেন, তাহলে কিন্তু আপনি বঙ্গবন্ধুর কর্মী নন। বঙ্গবন্ধুকে জানতে হলে অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। কয়েকজন খাই-খাই কর্মীর জন্য বঙ্গবন্ধুর অবমাননা মেনে নেওয়া যায় না।”
সেমিনারে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, “দলে থেকে অনেকে অপকর্ম করছে। পদ পেয়ে বিভিন্ন অপকর্মে জড়াচ্ছেন। প্রতিটি নাগরিক যেন বঙ্গবন্ধুর মত সংগ্রামী, দেশপ্রেমিক ও বিপ্লবী হন সেই প্রত্যাশা করছি।”
সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, “এখন রাজনীতি যেভাবে চলছে সত্যিকার অর্থে তা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা যাবে না। এই রাজনীতিতে পরিবর্তন আনতে হবে।
“প্রধানমন্ত্রী একজনই দেশের জন্য কাজ করছেন। আর আমরা সবাই নিজেদের কাজ করছি। প্রতি পদে পদে আমরা বরং প্রধানমন্ত্রীকে বাধা দিচ্ছি, তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছি। এভাবে চলতে পারে না। অবশ্যই পরিবর্তন দরকার।”
ছাত্রলীগে পদ পাওয়ার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে সাবেক ছাত্রলীগ নেতা আ জ ম নাছির বলেন, ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি হচ্ছে, কেন্দ্রীয় নেতাও হচ্ছে অথচ মুক্তিযুদ্ধের চেতনা কি সেটা জানে না। কীভাবে জানবে? সে তো আদর্শই ধারণ করে না।
“একজন মাদকাসক্ত কীভাবে সংগঠনে পদ পায়? নেতারাই তো তাকে ছাত্রলীগে স্থান করে দিচ্ছে। কেন দিচ্ছে? যাতে সে ওই নেতার প্রতি অনুগত থাকে, আরেকজন নেতাকে কোণঠাসা করতে পারে।”
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিইউজে সভাপতি এজাজ ইউসুফী।
সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিইউজের ৫৫ বছর উদযাপন পরিষদের আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি আতাউল হাকিম, এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ ও শহীদ উল আলম।
