সীতাকুণ্ডে ইয়াবাসহ গ্রেপ্তার দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড
রায় ঘোষণার সময় আসামিদের একজন আদালতে ছিলেন, আরেকজন জামিনে বের হয়ে পলাতক
দুই বছর আগে সীতাকুণ্ড থেকে অ্যাম্বুলেন্সে ২২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত।
বুধবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলমের আদালত এই রায় দেয়।
দণ্ডিতরা হলেন- শাহিদ সোহেল (৪৫) ও শিমুল শর্মা (২৩)। শাহিদ সোহেল নগরীর সদরঘাট থানার মতিয়ারপুল এলাকার মৃত রফিক আহাম্মেদের ছেলে। আর শিমুল শর্মা কক্সবাজার জেলার টেকনাফ থানার নাইক্ষ্যংখালী গ্রামের মৃত মানিক শর্মার ছেলে।
চট্টগ্রামের জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে অভিযোগ প্রমাণ হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন আদালত।
“আসামিদের মধ্যে শাহিদ সোহেল জামিনে গিয়ে পলাতক। আর শিমুল শর্মা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে ২২ হাজার ৩৬০ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে র্যাবের টহল দল।
কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে একটি ইয়াবার চালান ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার চালক শাহিদ সোহেলের আসনের নিচ থেকে একটি কালো ব্যাগে রাখা ২২ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। চালকের সহকারী ছিলেন শিমুল শর্মা।
এ ঘটনায় র্যাব-৭ এর ডিএডি মো. শহিদুল আলম বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এই রায় দেয়া হলো।
