চট্টগ্রামে দুর্ঘটনার কবলে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি, স্ত্রী আহত
চেয়ারম্যানের স্ত্রীকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাইয়ের গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন তার স্ত্রী লালসানি লুসাই।
রোববার সকালে উপজেলার ভাইয়ার দিঘীর পাড় এলাকায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনার সময় থানজামা লুসাইও গাড়িতে ছিলেন। তবে তিনি অক্ষত আছেন বলে পটিয়া হাইওয়ে ক্রসিং থানার সার্জেন্ট ওয়াসিম আকরাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেয়ারম্যানকে বহনকারী এসইউভি বান্দরবান থেকে চট্টগ্রামের দিকে আসছিল। ভায়ারদিঘী এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় ওই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে চেয়ারম্যানের স্ত্রী আহত হয়েছেন। তাকে পটিয়ার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান সার্জেন্ট ওয়াসিম।
