বিএনপি নেতাদের মাথায় এখনও ‘পাকিস্তানের ভুত’: মোজাম্মেল
“বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ বার বলেছেন, এর চেয়ে পাকিস্তান ভালো ছিল। কোন দিক দিয়ে ভালো ছিল?”
বিএনপি নেতাদের মাথা থেকে এখনও ‘পাকিস্তানের ভুত’ যায়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী মোজাম্মেল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া, এরশাদ ও বেগম খালেদা জিয়া মিলে ২৯ বছর ক্ষমতায় ছিল। আর আমরা ২২ বছর। ২৯ বছরে তারা দেশের কোনো উন্নতি করেনি। কারণ তারা চায়নি এ দেশ স্বাধীন হোক।
“তারা চেয়েছিল বাংলাদেশও পাকিস্তানের মত ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হোক। গত কিছুদিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ বার বলেছেন, এর চেয়ে পাকিস্তান ভালো ছিল। কোন দিক দিয়ে ভালো ছিল?”
তিনি বলেন, “বিশ্বে বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল। আর তারা বলে পাকিস্তান ভালো ছিল। আসলে পাকিস্তানের ভুত তাদের মাথা থেকে যায়নি। এসব মিথ্যাচার শুনলে আজও বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, শহীদদের আত্মার অসম্মান হয়।”
বীর মুক্তিযোদ্ধা আবু মুছা চৌধুরী নাগরিক শোকসভা কমিটির আয়োজনে এই শোকসভা হয়।
মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া তুচ্ছ করে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধে উনার অবদানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি।
“তিনি অপারেশন জ্যাকপট, অপারেশন আউটার অ্যাংকর, অপারেশন অ্যাভলুজ ছাড়াও বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, নারায়ণগঞ্জের নিকটে জাতিসংঘের পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল বলেন, “গোপনে নৌকমান্ডোদের প্রশিক্ষণ হয়েছিল। ১৯৭১ সালের ১৫ অগাস্টে উনারা একযোগে ১১টি জাহাজ উড়িয়ে দেন। এই প্রথম পাকিস্তান বিশ্বের কাছে স্বীকার করতে বাধ্য হয় মুক্তিযুদ্ধ চলছে।
“এর আগে পর্যন্ত পাকিস্তান মিথ্যাচার করছিল। নৌকমান্ডোদের অভিযানের পর আর বিশ্বের কাছে মিথ্যাচার করতে পারেনি। আবু মুছা চৌধুরীর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।”
সভা থেকে বীর মুক্তিযোদ্ধা আবু মুছা চৌধুরীকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করার দাবি জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, “জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন উৎসর্গ করতে ছুটে গিয়েছিলেন আবু মুছা চৌধুরী।
“বাংলাদেশে মুক্তিযুদ্ধে যে গণহত্যা তার আন্তর্জাতিক স্কীকৃতি আজো মিলেনি। বাঙালিকে প্রথম স্বাধীনতা দিয়েছিলেন বঙ্গবন্ধু। আর দেশকে আজ এক সমৃদ্ধির স্থানে পৌঁছে দিয়েছেন তার কন্যা।”
প্রয়াত আবু মুছা চৌধুরীর স্ত্রী মরিয়ম আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, “উনি জীবদ্দশায় কিছুই চাননি। জাতি যেন উনাকে মনে রাখে সে ব্যবস্থা করে দেবেন এই অনুরোধ।”
সুলতানা কাজীর সঞ্চালনায় সভায় সভায় প্রধান বক্তা ছিলেন নৌকমান্ডো অ্যাসোসিয়েশনের মহাসচিব অনিল বরণ রায়।
সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠস্বর রাখাল চন্দ্র বণিক, নৌকমান্ডো বদিউল আলম শাহ, নৌকমান্ডো মো. আনোয়ার মিয়া, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী এবং শোক সভা কমিটির সদস্য সচিব ও বিএফইউজে'র যুগ্ম মহাসচিব মহসীন কাজী।
সভায় বীর মুক্তিযোদ্ধা আবু মুছা চৌধুরীর স্মরণে স্মারক গ্রন্থের পাঠ উন্মোচন করেন অতিথিরা।
