২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রী হয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নীরব সাক্ষাৎ নওফেলের

“এই মুহূর্তে কোনো ধরনের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান না করার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি,” বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 12:53 AM

Updated : 19 Jan 2024, 12:53 AM

শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নওফেল চট্টগ্রামে ফিরলেন অনেকটা নীরবে; কোনো সংবর্ধনা না নিলেও রাতেই দেখা করতে ছুটে গেলেন জ্যেষ্ঠ নেতাদের বাড়িতে।

বৃহস্পতিবার রাতে সড়কপথে নিজের এলাকা চট্টগ্রামে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রামে ফিরলেও ‘জনদুর্ভোগ এড়াতে’ তিনি নেতাকর্মী-অনুসারীদের কাছ থেকে কোনো সংবর্ধনা নেননি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী রাহুল দাশ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ে অফিস শেষ করে বিকাল ৫টার পর তিনি সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৯টায় তিনি চট্টগ্রামে এসে পৌঁছান।

“জনদুর্ভোগ এড়াতে বিমানবন্দর বা রেল স্টেশনে কোনো সংবর্ধনা অনুষ্ঠান বা ফুলেল শুভেচ্ছা তিনি গ্রহণ করেননি।”

আগের মেয়াদের শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব সামলানো নওফেলকে এবার একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত চট্টগ্রাম-৯ আসন থেকে জয়ী হন নওফেল। সেবারই প্রথম তাকে উপমন্ত্রীর দায়িত্ব দেন বঙ্গবন্ধু কন্যা।

প্রয়াত আওয়ামী লীগ নেতা চট্টগ্রামের তিনবারের সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে নওফেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে জয়ী হন।

রাহুল দাশ বলেন, “নেতাকর্মীরা তাকে বরণ করে নিতে কখন তিনি চট্টগ্রাম ফিরবেন সে অপেক্ষায় ছিলেন। কিন্তু জনদুর্ভোগ এড়াতে অনেকটা নীরবেই তিনি চট্টগ্রামে এসেছেন।”

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “এই মুহূর্তে কোনো ধরনের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান না করার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

“আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের সর্বসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাথে পর্যায় ক্রমে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে এলাকাবাসীর সমস্যার কথা শুনব এবং সমস্যা সমূহ সমাধানের চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

সংবর্ধনা না নিলেও চট্টগ্রামে ফিরে রাতেই জ্যেষ্ঠ নেতাদের বাড়িতে ছুটে যান নওফেল।

বৃহস্পতিবার রাত ১০টায় তিনি শুরুতে যান নগরীর দামপাড়া এলাকায় প্রয়াত নেতা জহুর আহমদ চৌধুরীর বাড়িতে তার ছেলে ও নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করতে।

সেখানে মাহতাব উদ্দিন চৌধুরীর সঙ্গে কুশল বিনিময় শেষে রাত সাড়ে ১০টায় যান নগরীর ফিরিঙ্গি বাজারে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিনের বাড়িতে। এখানে আসেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

জ্যেষ্ঠ নেতা ডলফিনের বাড়িতে সাবেক মেয়র নাছিরের সঙ্গে কুশল বিনিময় করেন নওফেল।