চবি ছাত্রলীগের এক নেতার উপর অন্য পক্ষের হামলা
ট্রেনের বগিভিত্তিক গ্রুপের কোন্দলে এই হামলা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার উপর অন্য পক্ষের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক এবং বগিভিত্তিক গ্রুপ সিএফসিতে যুক্ত গিয়াস উদ্দিনকে মারধর করা হয়।
বগিভিত্তিক আরেক গ্রুপ সিক্সটি নাইনের কর্মীরা এই হামলা চালায় বলে গিয়াসের অভিযোগ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই জুনিয়রের মধ্যে ঝামেলা হলে আমি তাদের বোঝাতে চেষ্টা করি। তখন হঠাৎই সিক্সটি নাইনের কয়েকজন ধারালো কিছু দিয়ে আমায় আঘাত করে। এসময় আমার চোখের নিচে আঘাত লাগে।”
প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন গিয়াস। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।
এবিষয়ে সিক্সটি নাইন গ্রুপের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সহকারী প্রক্টর শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছিলাম দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি নিয়ে ঝামেলা হয়েছিল, তবে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।”
