চট্টগ্রামের নাপিত্তাছড়া ঝরনায় ভাসছিল লাশ
মুশফিক আহমেদ নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি প্রতিষ্ঠানের কর্মরত ছিলেন।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনা এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুশফিক আহমেদ নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি প্রতিষ্ঠানের কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তার পরিচয় নিশ্চিত করে সন্ধ্যার পর।
খুলনা সদরের মুন্সি পাড়া তৃতীয় লেইনের মনির আহমদের ছেলে মুশফিক মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মায়ানি এলাকায় থাকতেন।
মীরসরাই থানার এসআই আবদুল্লাহ আল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে মুশফিক বাসা থেকে বের হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরে দুপুরে নাপিত্তাছড়া ঝরনার টুপিকাটা কুম এলাকায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বেলা ২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে।
মুশফিকের পরনে জার্সি ও ট্রাউজার ছিল। কাঁধে ছিল একটি ব্যাকপ্যাক।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে এসআই ফারুক বলেন, “কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না।”
