কথায় কথায় গুলি ছোড়া সেই সন্ত্রাসী বুইশ্যা গ্রেপ্তার
কারো কাছ থেকে চাঁদা চেয়ে না পেলে তাকে দিগন্ত টাওয়ারে ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন চালাতো বুইশ্যা ও তার দলের লোকজন।
চাঁদার দাবিতে কথায় কথায় গুলি ছুড়ে কুখ্যাতি তৈরি করা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী শহীদুল ইসলাম বুইশ্যাকে গ্রেপ্তার করেছে র্যাব।
নগরীর বাহদ্দারহাট এলাকা থেকে শুক্রবার রাতে পুলিশের তালিকাভুক্ত বুইশ্যাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব বলছে, ২৮ বছর বয়সি বুইশ্যাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ৪২টি মামলার তথ্য পেয়েছে তারা।
রোববার র্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রান লিডার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে জানান, শনিবার রাতে বহদ্দারহাট ফিনলে সাউথ সিটির কাছ থেকে বুইশ্যাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা লিডার মিজানুর বলেন, “চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় মাদক বিক্রি চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে বুইশ্যা জড়িত। মাদক ব্যবসায়কে কেন্দ্র করে বুইশ্যার অনুসারীদের সাথে বিভিন্ন সময়ে তার প্রতিপক্ষ দলের সাথে গোলাগুলির ঘটনা ঘটত।”
র্যাব বলছে, গত ২১ জুলাই নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে যে গোলাগুলির ঘটনা ঘটে তার এক পক্ষের ‘নেতৃত্বে ছিলেন’ বুইশ্যা ও অপর পক্ষে ছিলেন ইসমাইল হোসেন ওরফে টেম্পো।
এ গোলাগুলির ঘটনার পর বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় দিগন্ত খাজা টাওয়ারে অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বুইশ্যা বাহিনীর ১১ জনকে গ্রেপ্তার করা হলেও সেখান থেকে কৌশলে পালিয়ে যায় বুইশ্যা।
র্যাব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দিগন্ত টাওয়ারে বুইশ্যার একটি ‘টর্চার সেল’ ছিল। কারো কাছ থেকে চাঁদা চেয়ে না পেলে তাকে সেখানে নিয়ে নির্যাতন করা হত, যা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়ে।
বুইশ্যাকে ধরার অভিযান বর্ণণা করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ফিনলে সাউথ সিটি এলাকায় বুইশ্যা যাচ্ছে এ ধরনের খবর পেয়ে সেখানে আগে থেকে অবস্থান নিয়েছিল র্যাবের একটি দল। বুইশ্যা সেটি বুঝতে পেরে পালানোর চেষ্টার সময় তাকে জাপটে ধরে ফেলে র্যাব সদস্যরা। এসময় সে সাথে থাকা পিস্তল বের করার চেষ্টা করলে তাকে জাপটে মাটিতে ফেলে দেয়া হয়। যাতে বুইশ্যা মাথায় আঘাত পেয়েছে।”
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বহদ্দারহাট, চান্দগাঁও এলাকায় আধিপত্য বিস্তার করতে বুইশ্যা একটি বাহিনী গড়ে তুলেছিল। পাশাপাশি কিশোর গ্যাংও নিয়ন্ত্রণ করত সে। সেখানে ‘চাঁদাবাজি, মাদক ব্যবসাকে কেন্দ্র করে’ টেম্পো বাহিনীর সাথে তার বাহিনীর বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পাশাপাশি বিভিন্ন সময়ে ‘চাঁদার দাবিতে বা যে কোন কারণেই গুলি ছুঁড়ে আতঙ্ক তৈরিতে’ অভিযোগ আছে বুইশ্যার বিরুদ্ধে।
