ভিত্তি স্থাপনের ১৪ বছর পর চট্টগ্রামে নির্মিত হচ্ছে নতুন নগর ভবন
মোট ৫৩ দশমিক ৪৫ কাঠা জমির উপর নতুন নগর ভবন নির্মাণ করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর পেরিয়ে গেছে ১৪ বছর, মেয়াদ শেষ করেছেন তিনজন মেয়র। অবশেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নগর ভবনের নির্মাণ কাজ শুরু হলো।
সোমবার দুপুরে নগরীর আন্দরকিল্লায় সিসিসির পুরনো নগর ভবনের জমিতে নতুন ‘আইকনিক’ নগর ভবন নির্মাণের কাজের উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
এ সময় মেয়র রেজাউল বলেন, পুরনো নগর ভবনের স্থানে পাশের আরও দুটি ভবনের জমি সংযুক্ত করে এই আইকনিক নগর ভবন নির্মাণ করা হবে। তিনটি বেইজমেন্টসহ পুরো নগর ভবন হবে ২১ তলা।
“এ ভবনের প্রথম ধাপের উদ্বোধন করা হল আজ। আমাদের লক্ষ্য হলো ২৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে প্রথম ধাপের কাজের অংশ হিসেবে ৫-৬ তলা আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ করে টাইগারপাস থেকে আন্দরকিল্লায় চলে আসা। বাকি অংশের কাজ ধাপে ধাপে করা হবে।”
তিনি বলেন, “স্থায়ী নগর ভবন না থাকায় বিদেশি অতিথিরা আসলে আমাদের বিব্রতকর অবস্থায় পড়তে হত, নাগরিক সেবাও বিঘ্নিত হত। এজন্য নিজস্ব ফান্ডে নগর ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি।
“এ ভবনে নাগরিকরা স্বচ্ছন্দে সেবা নিতে পারবনে। এছাড়া এই ভবনের একটি ফ্লোরে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে গড়ে তোলা হবে জাদুঘর।”
অনুষ্ঠানে সিসিসির প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, মোট ৫৩ দশমিক ৪৫ কাঠা জমির উপর নতুন নগর ভবন নির্মাণ করা হবে। এরমধ্যে পুরনো নগর ভবনের জমি এবং পাশের আরো দুটি জমি অন্তর্ভুক্ত।
এতদিনেও নগর ভবনের কাজ শুরু না হওয়ায় নগরবাসীরাও বিরক্ত।
চট্টগ্রামের সাংবাদিক ও কলামিস্ট কামরুল হাসান বাদল বলেন, “এত বছর ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবন ভেঙে রাখা হল, অস্থায়ী ভবনে কাজ চলল, এটা খুব দুঃখজনক। এমনকি নগর ভবনের প্রকল্প এখনও সরকারি অর্থ বরাদ্দ পায়নি, এটা চট্টগ্রামের প্রতি অবহেলার আরেকটা দৃষ্টান্ত।
“এখন টাইগারপাসে যেখানে অস্থায়ী নগর ভবন করা হয়েছে সেটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করি। কারণ আন্দরকিল্লার আগের ভবনটাও আরও অনেক বছর ব্যবহার করা যেত।”
নতুন নগর ভবনের কাজ দ্রুত শেষ করার তাগিদ তার।
https://media.assettype.com/bdnews24/import/bangla/imgAll/2024May/uploads/chattogram- new nagar bhaban work starts- 060524-02_1714997394.jpg
করপোরেশনের কর্মকর্তারা বলেন, প্রথম ধাপের কাজের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৮ কোটি ৮০ লাখ টাকা। এ কাজের কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স জেবি মজিদ অ্যান্ড সন্স।
নতুন ভবনের উপরে থাকবে সিটি ক্লক। ভবনের তিন পাশে বাগান থাকবে। একটি ফোয়ারাও নির্মাণ করা হবে। এতে মাল্টিপারপাস হল, কনফারেন্স হল ও ব্যাংকুয়েট হল থাকবে।
২০১০ সালের ১১ মার্চ নতুন নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সে সময়ের মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী। তখন ব্যয় ধরা হয়েছিল ৪৮ কোটি ৮৫ লাখ টাকা। কিন্তু সে বছর নির্বাচনে তিনি পরাজিত হন।
এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র হিসেবে মনজুর আলম ও আ জ ম নাছির উদ্দীন তাদের মেয়াদ শেষ করেছেন।
মেয়র থাকাকালে ২০১১ সালে মনজুর আলম ৪৯ কোটি টাকায় ২০ তলা নগর ভবন নির্মাণে মন্ত্রণালয়ের অনুমোদন নেন। তখন সিসিসিকে নিজস্ব অর্থায়নে নগর ভবন নির্মাণ করতে বলা হয়। এরপর অর্থাভাবসহ নানা জটিলতায় কাজ বন্ধ হয়ে যায়।
এরপর আ জ ম নাছির মেয়র থাকার সময় কয়েকবার সংশোধনের পর নগর ভবন নির্মাণে ২০২ কোটি টাকার আরেকটি প্রকল্প মন্ত্রণালয়ের অনুমোদন পায়। সেটি এখনো একনেক এ অনুমোদনের অপেক্ষায় আছে।
১৮৬৪ সালে আন্দরকিল্লা মোড়ে তখনকার মিউনিসিপ্যাল করপোরেশনের কার্যালয় স্থাপন করা হয়। পরে ঝুঁকিপূর্ণ হওয়ায় সেই ভবনটি ভেঙে ফেলা হয়। ওই পুরনো ভবনের পাশে গত শতকের ষাটের দশকে শুরুতে তিনতলা ও পরে ছয়তলা নগর ভবন করা হয়।
২০১৯ সালের জুনে অস্থায়ী নগর ভবন টাইগারপাসে স্থানান্তর করা হলে আন্দরকিল্লার সেই ছয়তলা ভনটিও ভেঙে ফেলা হয়।
সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, মো. ইলিয়াছ, মো. আবদুস সালাম মাসুম, আতাউল্লা চৌধুরী ও রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান প্রকৌশলী শাহীন-উল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, ফরহাদুল আলম, জসিম উদ্দিন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এস্টেট অফিসার মো. রেজাউল করিম প্রমুখ।
