২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঈদ জামাতে ‘সম্প্রীতির প্রত্যাশা’

নামাজ শেষে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে অন্যের সঙ্গে কোলাকুলি করে সম্প্রীতির বার্তা ছড়ান।

চট্টগ্রামে ঈদ জামাতে ‘সম্প্রীতির প্রত্যাশা’

চট্টগ্রামে ঈদের নামাজ শেষে কোলাকুলি ও করমর্দন করে সৌহার্দ্য ছড়ান সব শ্রেণি-পেশার মানুষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2023, 12:31 PM

Updated : 02 Jul 2023, 06:23 PM

বন্দর নগরী চট্টগ্রামে রৌদ্র ঝলমল দিনে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ শেষে দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ সব বয়েসী শ্রেণি পেশার মানুষ।

বৃহস্পতিবার সকালে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়; এতে ইমামতি করেন ওই মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।

এবারের কোরবানির ঈদের সকাল থেকে রাজধানী ঢাকায় মুষলধারে বর্ষণ হলেও বন্দর নগরী চট্টগ্রাম ছিল রৌদ্র্যেজ্জ্বল। সব বয়সী মানুষ সকাল থেকেই জায়নামাজ নিয়ে ঈদগাহের দিকে রওনা হন। পরিপূর্ণ হয়ে ওঠে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ।

ঈদের নামাজ শেষে খুতবা হিংসা-বিদ্বেষ থেকে দূরে থেকে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও মমতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সেইসঙ্গে দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

নামাজ শেষে সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে অন্যের সঙ্গে কোলাকুলি করে সম্প্রীতির বার্তা ছড়ান।

জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদ জামাতে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠসহ অন্যান্য রাজনৈতিক নেতারা।

নামাজ শেষে সাংবাদিকদের সামনে সম্প্রীতির বার্তা দিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, “নির্বাচনকে ঘিরেই শুধু রাজনীতি নয়, রাজনীতি মানুষের জন্য। মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করি না।

“বঙ্গবন্ধু কন্যা এই প্রজন্মকে এগিয়ে নিতে চান, বাংলাদেশকে এগিয়ে নিতে চান। তিনি রাষ্ট্রনায়ক। সাধারণ রাজনীতির চিন্তায় তিনি নিজেকে আবদ্ধ করে রাখেন না। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেটা নিয়ে চিন্তা করেন।”

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। নির্বাচন বর্তমান পদ্ধতি অনুযায়ী হবে এবং সবাইকে সাথে নিয়েই হবে।”

বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, “নির্বাচন নিয়ে আলোচনার জায়গা এটা না। নির্বাচন নিয়ে আলোচনা হবে রাজনীতির মাঠে। মানুষের ঊর্ধ্বশ্বাস হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চারিদিকে বিশৃঙ্খলা, মানুষ দিশেহারা।

“তার মধ্যেও মানুষ ঈদ করছে। নির্বাচন নিয়ে মানুষ শঙ্কিত। কারণ আওয়ামী লীগের ভাষা যুদ্ধংদেহী। মেরে ফেলব, কেটে ফেলব, এটা করব, ওটা করব না…এরকম। এটা রাজনীতির ভাষা না। রাজনীতির ভাষায় তাদের ফিরে আসতে হবে। আমরা সেই রাজনীতিতে ফিরে গেছি।”

জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এই মসজিদ ছাড়াও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে ঈদ জামাত হয়। সেখানে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৭টায় নগরীর আটটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এগুলো হলো লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের মসজিদগুলোতে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপর নগরীর সব এলাকায় পশু কোরবানি শুরু হয়।

কোরবানির জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ৪১টি ওয়ার্ডের মোট ৩০৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। নাগরিকদের নির্দিষ্ট স্থানে কোরবানি করতে সিটি মেয়রের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও প্রতি বছরের মত এবারও নগরীর পাড়া-মহল্লার সড়ক ও ভবনের নিচেই হয়েছে বেশিরভাগ কোরবানি।