Published : 26 Oct 2025, 07:54 PM
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শুরু হয়েছে সপ্তদশ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫।
রোববার বিকেলে সিভাসু অডিটোরিয়ামে তিন দিনের এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার বলেন, “আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হই, তা কেবল একটি ডিসিপ্লিন বা সেক্টরের দ্বারা সমাধান করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন, ইমার্জিং ডিজিজেজ এবং পরিবেশগত ক্ষতি মোকাবেলায় প্রাণী চিকিৎসক, খাদ্য বিজ্ঞানী, মৎস্য বিশেষজ্ঞ, বায়োটেকনোলজিস্ট এবং নীতিনির্ধারকদের একসাথে কাজ করতে হবে।
“সিভাসু যেমন দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি করছে, তেমনি নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা মেটাতেও কাজ করছে। এটি সুনীল অর্থনীতি, সামুদ্রিক সম্পদের ব্যবহার এবং টেকসই জলজ চাষ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
শিক্ষা উপদেষ্টা বলেন, “বর্তমানে সিভাসু সত্যিকার অর্থে একটি সেন্টার অব এক্সেলেন্স হয়ে উঠেছে। এটি এখন আর শুধুমাত্র একটি একাডেমিক প্রতিষ্ঠান নয়, এটি উদ্ভাবন, ফলিত গবেষণা এবং শিল্পের সাথে ঘনিষ্ঠ অংশদারত্বের কেন্দ্র হয়ে উঠেছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিভাসুর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “বিচ্ছিন্নভাবে কাজ করে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, ইমার্জিং ডিজিজেজ ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না। এসব সমস্যা সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য আমাদের নলেজ শেয়ার করতে হবে, আইডিয়া শেয়ার করতে হবে এবং নতুন নতুন কোলাবরেশনস করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং এমিরেটাস অধ্যাপক আলাসডেয়ার অ্যালেক্স জে কুক। স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক এবং সিভাসুর ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আহসানুল হক।
শেষে পোস্টার প্রেজেন্টেশন ও প্রদর্শনী স্টল উদ্বোধন করেন উপাচার্য লুৎফুর রহমান।
এবারের বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক গবেষক অংশগ্রহণ করছেন।
তিন দিনের সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার বিকাল ৪টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।