সনদ নিয়ে নতুন করে আলাপের কিছু নাই: খসরু
“দেশের মধ্যে অচলাবস্থা সৃষ্টি করলে যাদের লাভ, তারা নির্বাচন চাইবে কেন,” বলেন তিনি।
জুলাই জাতীয় সনদ নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, “সনদের ব্যাপারে প্রচুর আলাপ হয়েছে; ঐকমত্য হয়েছে। যতটুকু ঐকমত্য হয়েছে, তার ভিত্তিতে সনদ সই হয়ে গেছে। এরপরে নতুন করে আলাপের কিছু নাই।”
বুধবার চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ নিয়ে একতাবদ্ধ হতে দলগুলোকে সরকারের পক্ষ থেকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়ার বিষয়ে জানতে চান এক সাংবাদিক।
জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “এখানে একতাবদ্ধ হওয়ার কিছু নাই। পরিষ্কার কথা, ইতিমধ্যে ১৪ মাস অতিক্রান্ত হয়েছে, ১৫ মাস শেষ হয়ে যাচ্ছে। একটা অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলতে পারে না। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়।”
নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই মন্তব্য করে আমীর খসরু বলেন, “যাদের সংশয় আছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে বলে মনে করি না। কারণ ওরা নির্বাচন চায় না। দেশের মধ্যে একটা অচলাবস্থার সৃষ্টি করলে যাদের লাভ, তারা নির্বাচন চাইবে কেন।
“তাদের গণতন্ত্রের প্রয়োজন নেই। জনগণের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছে না। অর্থাৎ জনগণের কোনো কিছু রায়ের প্রয়োজন নাই। তারা ঢাকায় বসে সব সিদ্ধান্ত জোর করে চাপাতে চাইছে। এসমস্ত বাংলাদেশে চলবে না। যারা যা করতে চায়, এটা নিয়ে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে।”
সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “ঢাকায় বসে অচলাবস্থা সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করা কিংবা বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া, বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনীতিতে দেখতে চায় না।”
যারা আন্দোলনে ছিল তাদের মনোনয়ন
বিগত ১৬ বছর যারা রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলেন, দলীয় মনোনয়নে তাদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন আমীর খসরু।
তিনি বলেন, “মোটামুটি যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, মূলত তাদেরকে দেওয়া হয়েছে। এত বড় একটা দল, কিছু কিছু সিটে সামান্য একটু সমস্যা থাকতে পারে। এটা আমি অস্বীকার করছি না।
“তিনশ সিটের মধ্যে কোনো বিশেষ কারণে হয়ত ৫-১০টা সিটে পরিবর্তন হতে পারে। সেক্রিফাইস যেখানে করছি, সেখানেও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু বিজয় তো আমাদের ছিনিয়ে আনতে হবে।”
প্রার্থী তালিকা ঘোষণার বিষয়ে তিনি বলেন, “এটা একটা প্রক্রিয়ার মধ্যে হয়েছে। বাকিগুলো ক্রমান্বয়ে এখন থেকে হতে থাকবে। ২৩৭টি আসনে একসাথে ঘোষণা করা অনেক বড় পাওয়া।
“এটা এত সহজ কাজ না। একটা বিশাল কর্মযজ্ঞ আছে এটার পেছনে। যুগপৎ যারা আমাদের সাথে আন্দোলন করেছে, তাদেরও কিছু জায়গায় এখানে সুযোগ সৃষ্টি করতে হবে। এই আলোচনাগুলো চলছে। বাকি সিটগুলো শিগগিরিই দেওয়া হবে।”
শরিকদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, “আমরা যেখানে মনে করব তাদের জিতার সম্ভাবনা আছে, অবশ্যই তাদেরকে দিতে হবে।”
মনোনয়নবঞ্চিতদের কারো কারো অনুসারীদের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “সকলের অধিকার আছে তাদের মতামত দেওয়ার। এটাকে আমরা আন্দোলন বলব না। বিএনপি একটা গণতান্ত্রিক দল। আমাদের দলে বহু চিন্তার লোক আছে। আমাদের সে বিষয়টা মানতে হবে।
“যতক্ষণ না সাংঘর্ষিক পর্যায়ে না যায়, তার আগে পর্যন্ত প্রতিবাদ করার অধিকার আছে। হয়ত দল আবার চিন্তা করবে। কিন্তু এটা যেন সহিংসতায় পরিণত না হয়। সহিংসতায় পরিণত হলে দল কিন্তু তার সিদ্ধান্ত নিবে।”
চট্টগ্রাম-৯ আসনে প্রার্থীর নাম ঘোষণার পর আবার তা স্থগিত করার বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “স্থগিত করতেই পারে। আরও অনেকগুলো আসন স্থগিত করা; এগুলো আরও আলাপ-আলোচনার জন্য। এটা এমন না যে ঘোষণা করতেই হবে।
“অনেক সময় বিশেষ বিশেষ আসনে আলোচনা আরেকটু গভীরে যেতে হয়। সেটা শুধু চট্টগ্রাম-৯ নয়, সারা দেশে অনেকগুলো আসনে করা হয়েছে।”
