০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বিলের পানিতে শিশুর মৃত্যু, খালের পানিতে তরুণ নিখোঁজ

বর্ষার সময়ে পাহাড়ি ঢল থাকে জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি খালে।

চট্টগ্রামে বিলের পানিতে শিশুর মৃত্যু, খালের পানিতে তরুণ নিখোঁজ
নিখোঁজ দিদারুল আলম হৃদয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 02:01 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

চট্টগ্রামের রাউজানে বিলের পানিতে তলিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিলে মারা যায় ৩ বছর বয়সি মোস্তাকিম। তিনি ওই এলাকার মো. পারভেজের ছেলে। 

এদিকে বৃহস্পতিবার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি খালের স্রোতে এক তরুণ নিখোঁজ হয়েছে। 

১৮ বছর বয়সি দিদারুল আলম হৃদয় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। 

শিশু মৃত্যুর বিষয়ে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে বাড়ির কাছে খেলছিল শিশুটি। কোনোভাবে সে বিলের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পাওয়া যায়।” 

এ খালে নিখোঁজ হন হৃদয়।

এ খালে নিখোঁজ হন হৃদয়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

বোয়ালখালীর তরুণ নিখোঁজের বিষয়ে সেখানকার ইউএনও মেহেদী হাসান ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১১টার দিকে জ্যৈষ্ঠপুরা এলাকার ভাণ্ডালজুড়ি খালে দিদার নামে একজন নিখোঁজ হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তাকে খুঁজতে ফায়ার সার্ভিসের দলও সেখানে গেছে।”

স্থানীয়রা জানান, দিদার করলডেঙ্গা পাহাড়ে বাগানে শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মত তিনি খাল পার হয়ে পাহাড়ে কাজে যাচ্ছিলেন। এসময় পাহাড়ি স্রোতে তিনি তলিয়ে যান। 

স্থানীয়দের ভাষ্য, খালের এ অংশে পানি কম থাকায় শ্রমিকরা খাল পার হয়েই পাহাড়ে গিয়ে থাকেন। তবে বর্ষার সময়ে পাহাড়ি ঢল থাকে খালে।