Published : 25 Oct 2025, 07:17 PM
পাকিস্তানে ইন্টার্নশিপ করতে যাচ্ছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমওইউ অনুযায়ী শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৫তম ব্যাচের ১৯ জন শিক্ষার্থী ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের লাহোরে অবস্থিত ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেসে (ইউভিএএস) ইন্টার্নশিপ করবেন।
শিক্ষার্থীদের মধ্যে ৯ জন ছাত্রী ও ১০ জন ছাত্র রয়েছেন। তাদের সঙ্গে গাইড হিসেবে থাকবেন সিভাসুর পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক আব্দুল আহাদ।
ইউভিএএসের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক আনিলা জামির দুররানির তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
সিভাসুর শিক্ষার্থীরা ইউভিএএসের সিটি ক্যাম্পাসে বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন।
পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি হিসেবে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সিভাসুর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “শিক্ষার্থীরা বিদেশে অবস্থানকালে সিভাসুর মর্যাদা অক্ষুণ্ন রেখে সর্বোচ্চ নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে নিজেদের জ্ঞান ও দক্ষতা বিকাশে কাজ করবেন।”
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক এ. কে. এম. সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. আব্দুল আহাদ।