চট্টগ্রামে সড়ক দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর
দুর্ঘটনার পর যানবাহন চলাচল থেমে গেলে কিছু লোক জড়ো হয়ে পুলিশের পিকআপ ভাঙচুর করে, বলছে পুলিশ।
চট্টগ্রাম ফটিকছড়ির কুম্ভারপাড় এলাকায় সড়ক দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভাঙচুর করেছেন বিক্ষুব্ধরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসা একটি পিকআপকে থামার সংকেত দেয় হাইওয়ে পুলিশের একটি দল। তখন পিকআপ চালক চেকপোস্ট এড়ানোর জন্য ‘বেপরোয়াভাবে চালানো শুরু করলে’ বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভুইয়া বলেন, “দুর্ঘটনার কারণে পিকআপে থাকা সবজি রাস্তায় ছড়িয়ে পড়লে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। উভয়দিকে যানবাহনের সারি তৈরি হয়।
“তখন কিছু লোক জড়ো হয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আমাদের পিকআপ ভ্যানের সামনের কাচ ভাঙচুর করে।”
স্থানীয় লোকজন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়, বলেন ওসি।
এ ঘটনায় কোনো মামলা ও কেউ গ্রেপ্তারও হয়নি।
