১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

তেলি গর্জনের রূপের মায়া

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে স্নিগ্ধ বিকালের শীতল পরিবেশে তেলি গর্জনের ছড়ানো রূপে মত্ত হবে যে কেউ।

তেলি গর্জনের রূপের মায়া

চট্টগ্রামের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের তেলি গর্জনের ফুল।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2024, 12:38 PM

Updated : 19 Apr 2024, 01:07 PM

কাঠফাটা রোদের দুপুর পেরিয়ে বিকালে চারপাশের কোলাহল যখন থামছিল, অনেক উঁচু থেকে তখন ঝরছিল সাদা-গোলাপি ফুল।

টিনের চালা, বাঁধানো সিঁড়ি আর টাইলস বিছানো প্রাঙ্গন ভরে ওঠে ফুলে ফুলে, যেন সাদা-গোলাপির মিশেলে এক চাদর বিছানো।

বন্দর নগরী চট্টগ্রামের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের এই দৃশ্যে চোখ জুড়াবে যে কারোর। স্নিগ্ধ বিকালের শীতল পরিবেশে তেলি গর্জনের ছড়ানো রূপে মত্ত হবে যে কেউ।

বিশালকার ছয়টি তেলি গর্জন গাছ রয়েছে পার্কটিতে। তিনটি আকারে বেশ বড়, অন্য তিনটি তুলনামূলক কম বয়সী। তবে বৈশাখে সবকটি গাছই ভরে গেছে ফুলে ফুলে।

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের পাশেই চট্টগ্রাম চিড়িয়াখানা। চিড়িয়াখানা লাগোয়া পার্কের সীমানা দেয়াল ঘেঁষে থাকা প্রবেশপথ ধরে এগোলেই চোখে পড়বে সবচেয়ে বড় তেলি গর্জন দাঁড়িয়ে মাথা উঁচু করে।

সোজা আরেকটু এগোলেই নাগরদোলা। তার ঠিক আগে গাড়ি রাখার ছোট্ট ছাউনির পাশেই রয়েছে আরেকটি বড় গাছ, যেটাতে ফুল হয়েছে সবচেয়ে বেশি। পাশেই টিকেট কাউন্টারের টিনের চালায়ও জমেছে ফুলের আস্তরণ। কাউন্টার ঘরের সিঁড়ি ও সামনের টাইলস বিছানো প্রাঙ্গনে ফুল আর ফুল।

চট্টগ্রাম অঞ্চলে তেইল্লা গর্জন নামে পরিচিত এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ‘Dipterocarpus turbinatus C.F. Gaertn.’। চট্টগ্রাম ও কক্সবাজারের কোথাও আবার এটি কালি গর্জন নামেও পরিচিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেলি গর্জন মূলত এই অঞ্চলেরই উদ্ভিদ। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া এর আদি নিবাস।

“উষ্ণমণ্ডলীয় মিশ্র চিরহরিৎ বন, স্যাঁতস্যাঁতে অঞ্চল ও রাস্তার পাশে এই প্রজাতির আধিক্য দেখা যায়। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এবং চকরিয়া থেকে ডুলহাজারাগামী সড়কের দুই পাশে বেশ বড় বড় কিছু তেলি গর্জন এখনও আছে। স্থানীয়দের দাবি এসব গাছের বয়স দুইশ বছর।”

ওমর ফারুক জানান, তেলি গর্জন গাছ লম্বায় প্রায় ৪০-৪৫ মিটারের মত হয়। আর বেলন আকার গাছের বেড় ৪-৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। গাছের ধূসর-বাদামি বাকল বেশ পুরু। একটা নির্দিষ্ট সময় পার হবার পর এ গাছ আর তেমন বাড়ে না। তখন বিভিন্ন বয়সের গাছগুলোকে একই আকৃতির মনে হয়।

ফয়’স লেক কমপ্লেক্সের পরিচালনা প্রতিষ্ঠান কনকর্ডের উপ-ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষের কথাতেও একই রকম তথ্য মেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত প্রায় ১৫ বছর ধরেই বড় গাছগুলো এরকমই দেখছি। খুব উঁচু, সোজা উপরের দিকে উঠে গেছে। আর ডালপালা সব উপরের দিকে।”

বিশালাকার তেলি গর্জনের সুন্দর মৃদু গন্ধের ফুল নিচ থেকে খালি চোখে দেখাই যায় না। আয়তাকার লম্বাটে পাতা ছাউনির মত আড়াল করে সূর্যকে। ফলে পাখিরাও বাসা বাঁধে গাছগুলোতে।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পুরনো পাতা ঝরে আসে নতুন পাতা। মার্চ-এপ্রিলে আসে ফুল। তবে মাটিতে ঝরে পড়লেই শুধু তেলি গর্জনের ফুলের সৌন্দর্য আর সুগন্ধ নেওয়ার সুযোগ মেলে।

তারার মত ফুলগুলোর পাঁচটি সাদা পাপড়ির মাঝে থাকে ফ্যাকাশে লালচে রঙের আঁচড়। ঝরে পড়া ফুল রোদে কুঁকড়ে যায় দ্রুত। সাদা পাপড়ি শুকিয়ে গেলে খানিকটা হলদে হয়ে যায়।

তেলি গর্জনের ছোট আকারের ফলও হয়। রয়েছে ঔষধি গুণ।

অধ্যাপক ওমর ফারুক বলেন, “চর্ম রোগ, কৃমি আর গনোরিয়া রোগের জন্য এর পাতা ব্যবহার হয়। এ গাছের রেজিন আলসার ও দাদ রোগ নিরাময়ে ওষুধ হিসেবে কাজ করে।”

তেলি গর্জনের কাঠও বেশ কাজের। নৌকার পাটাতন, রেলের স্লিপার আর প্লাই উড ইন্ডাস্ট্রিতেও এর ব্যাপক চাহিদা রয়েছে।

কনকর্ডের উপ-ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ বলেন, “পার্ক করার সময় বেশ কিছু গাছ লাগানো হয়েছিল। কিন্তু তেলি গর্জনগুলো তার আগে থেকেই এখানে আছে। সম্ভবত পাহাড়ি জমিতে প্রাকৃতিকভাবেই এই গাছগুলো জন্মেছিল।”

বেলা পড়ে আসতেই ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের পরিচ্ছন্নকর্মীরা প্রতিদিনের মত পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তেলি গর্জনের ফুল। যেন দিনের আলো নিভে যাওয়ার আগেই হারিয়ে যায় তারা। বছরে পর বছর কেবল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কালচে কান্ড আর গাঢ় সবুজ পাতার বৃক্ষ।