অটোরিকশার চালকের আসনের নিচে ফেন্সিডিল-আফিম
অটোরিকশা চালক জয়নাল আবেদিন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে চট্টগ্রামে বিক্রি করতেন বলে র্যাবের ভাষ্য।
চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আফিম ও ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে উপজেলার ভুজপুর থানার নারায়ণ হাট আকবর পাড়া এলাকায় একটি অটোরিকশা থেকে এসব মাদক উদ্ধার করে র্যাব-৭ এর সদস্যরা।
গাড়িটির চালক মাদক কারবারি জয়নাল আবেদীনকেও (৩০) গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জয়নাল তার আসনের নিচে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৫৩০ গ্রাম আফিম লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন।”
জয়নালের বাড়ি ভুজপুর থানার অলিপুর এলাকায়। তিনি বিভিন্ন সময়ে খাগড়াছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে র্যাবের ভাষ্য।
র্যাব বলছে, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে তাদের একটি দল ভুজপুর থানার নারায়ন হাট আকবর পাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় একটি সিএনজি অটো রিকশায় তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ও আফিম জব্দ করে।
এ ঘটনায় জয়নুলকে আসামি করে ভুজপুর থানায় মামলা করেছে র্যাব।
