বাংলাদেশে শুভেচ্ছা সফরে ফ্রান্সের জাহাজ
জাহাজটিতে ১৭০ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন।
বাংলাদেশে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে এসেছে ফ্রান্সের নৌবাহিনীর জাহাজ এফএস সার্কাফ।
রোববার জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
এতে বলা হয়, সকালে চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজটিকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ও নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জলসীমায় পৌঁছার পর এফএস সার্কাফকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’।
সফররত জাহাজটিতে মোট ১৭০ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২৫ মিটার দৈর্ঘ্যের এই জাহাজে অধিনায়কের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন জেরোম ডুবইস ।
বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা পতেঙ্গা, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস’, চট্টগ্রাম ওয়্যার সিমেট্রিসহ চট্টগ্রামের অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
এছাড়া দুই দেশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সফররত জাহাজটি ৬ জুলাই বাংলাদেশ ত্যাগ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
