২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতাকে ‘পঙ্গু করার’ অভিযোগে বায়েজিদের ওসির বিরুদ্ধে মামলা

চাঁদার দাবিতে ওই নেতাকে তুলে নিয়ে পায়ে গুলি করা হয় বলে অভিযোগ।

ছাত্রদল নেতাকে ‘পঙ্গু করার’ অভিযোগে বায়েজিদের ওসির বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

Published : 04 Sep 2022, 10:31 PM

Updated : 04 Sep 2022, 10:31 PM

একবছর আগে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক এক নেতাকে ‘গুলি করে পঙ্গু করে দেওয়ার’ অভিযোগে বায়েজিদ থানার ওসিসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের মা ছেনোয়ারা বেগম রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মো. অলি উল্লাহর আদালতে মামলাটি করেন।

আদালত অভিযোগটি গ্রহণ করে আগামী ৪ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারকে আদেশ দিয়েছে বলে বাদীর আইনজীবী কাজী মফিজুর রহমান খান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাইফুলকে সোর্সের মাধ্যমে ডেকে নিয়ে চাঁদা দাবি করে পুলিশ সদস্যরা। তারা হত্যার হুমকি দিয়ে গুলি করে পা পঙ্গু করে দিয়েছে। মামলায় এসব অভিযোগ তুলে ধরা হয়েছে।”

বায়েজিদ থানার সাবেক ওসি কামরুজ্জামান, এসআই মেহের অসীম দাশ, এসআই সাইফুল ইসলাম, এএসআই রবিউল হোসেন, এসআই কে এম নাজিবুল ইসলাম তানভীর, পুলিশের সোর্স মোহাম্মদ শাজাহান ও এসআই নুর নবীকে আসামি করা হয়েছে মামলায়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৬ জুন রাতে ‘সোর্স শাজাহানের মাধ্যমে’ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে নগরীর অক্সিজেন এলাকার একটি হোটেলের সামনে ডেকে নিয়ে ‘তুলে নেন’ বায়েজিদ থানার তৎকালীন ওসি কামরুজ্জামানসহ অন্য পুলিশ সদস্যরা।

“নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় নিয়ে গিয়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সাইফকে হত্যার উদ্দেশ্যে আসামিরা মিলে বাম পায়ে গুলি করে। পরবর্তীতে চিকিৎসার সময় তার বাম পা কেটে বাদ দিতে হয়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কোনো মন্তব্য করতে রাজি হননি বায়েজিদ থানার তৎকালীন ওসি কামরুজ্জামান।