২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে কারিতাস

বৃহস্পতিবার অনুষ্ঠানে বান্দরবান সদর ইউনিয়নের বাসিন্দা এমন ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য, পানীয়, পোশাক, আশ্রয়ের উপকরণ, জ্বালানি, রান্নার পাত্র, ওষুধ ও ওয়াশ কিটস প্যাকেজ এবং প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার ৫০০ টাকা করে দেয়া হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 08:08 PM

Updated : 31 Aug 2023, 08:08 PM

বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারে অগাস্টের প্রথম সপ্তাহের বন্যায় ক্ষতিগ্রস্ত মোট তিন হাজার ৭৫০ পরিবারকে সহায়তা দেবে কারিতাস বাংলাদেশ।

বৃহস্পতিবার বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ১৫০ পরিবারকে নগদ অর্থ ও বিভিন্ন উপকরণ হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, “স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পাশাপাশি কারিতাস বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসিত। কারিতাস প্রতিটি দুর্যোগে বান্দরবানবাসীর পাশে দাঁড়িয়েছে বহু বছর ধরে। অন্যান্য সংস্থাও দুর্গতদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানাই।”

কারিতাস এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস, জার্সি ওভারসিস এইড ও সিআরএসের আর্থিক সহায়তায় বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় মোট ৩ হাজার ৭৫০ পরিবারকে এই সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার অনুষ্ঠানে বান্দরবান সদর ইউনিয়নের বাসিন্দা এমন ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য, পানীয়, পোশাক, আশ্রয়ের উপকরণ, জ্বালানি, রান্নার পাত্র, ওষুধ ও ওয়াশ কিটস প্যাকেজ এবং প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার ৫০০ টাকা করে দেয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা।

বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংচহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুন রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ কাজী রায়হান কাজেমী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলার সেক্রেটারি অমল কান্তি দাশ, হিউম্যানিট্যারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমং সিং প্রমুখ।

এই কার্যক্রমে স্থানীয় সংস্থা হিসেবে সহায়তা করছে বান্দরবানের ‘হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ ও রাঙ্গামাটির ‘আশিকা’।