২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে ‘দীর্ঘমেয়াদে’ সমন্বিত কার্যক্রম জরুরি: মেয়র রেজাউল

চট্টগ্রাম সিটির মেয়র বলেন, চার থেকে পাঁচ মাসের বিচ্ছিন্ন কার্যক্রমের পরিবর্তে বছরব্যাপী কর্মসূচির পরিকল্পনা করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যক্রমের সমন্বয় করা জরুরি।

ডেঙ্গু প্রতিরোধে ‘দীর্ঘমেয়াদে’ সমন্বিত কার্যক্রম জরুরি: মেয়র রেজাউল

‘ইনটিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট ও নলেজ শেয়ারিং’ বিষয়ক কর্মশালায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 10:09 PM

Updated : 02 Aug 2023, 10:09 PM

ডেঙ্গু কমাতে বছরব্যাপী পরিকল্পনা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন বলে মনে করেন চট্টগ্রাম সিটির মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

বুধবার ‘ইনটিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট ও নলেজ শেয়ারিং’ বিষয়ক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিন ঢাকার একটি হোটেল স্থানীয় সরকার বিভাগ ও বিশ্বব্যাংকের যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে রেজাউল করিম বলেন, “ডেঙ্গুসহ ভেক্টরবাহিত রোগ (সংক্রামক রোগ) প্রতিরোধের জন্য সবচেয়ে জরুরি হল ৪-৫ মাসের বিচ্ছিন্ন কার্যক্রমের পরিবর্তে বছরব্যাপী কর্মসূচির পরিকল্পনা করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যক্রমের সমন্বয়।

“একটি সরকারি সংস্থা থাকা উচিত যা কার্যকর কীটনাশক ও এইডিস ও অন্যান্য ভেক্টরের জৈবিক নিয়ন্ত্রণের উপর গবেষণা চালাবে।”

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গুরুত্বপূর্ণ মন্তব্য করে মেয়র রেজাউল বলেন, “আমি সবচেয়ে জোর দিচ্ছি জনসচেতনতা সৃষ্টিতে। স্থানীয় পত্রিকায় সচেতনতামূলক ও সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি কয়েকদিন পর পর প্রচার করা হচ্ছে।

“রেডক্রিসেন্ট ও আরবান ভলান্টিয়ারের যৌথ টিমের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে ও নগরীর ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইক ব্যবহার করে সচেতনতামূলক প্রচারণা চালানা হচ্ছে। বাজানো হচ্ছে আঞ্চলিক ভাষায় সচেতনতামূলক গান। এছাড়া পাঁচটি মাইকের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে।”

এ সময় মশা নিয়ন্ত্রণে নগরীতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান মেয়র রেজাউল।

তিনি বলেন, “ড্রোন ব্যবহার করে যেখানে পানি জমে আছে এবং লার্ভা পাওয়া যাচ্ছে, সেখানে জরিমানা করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্পেশাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পানি জমে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. ইব্রাহিমের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নতুন সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং সিঙ্গাপুর ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সির একটি প্রতিনিধিদল ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিঙ্গাপুরের সাফল্যের কারণ এবং তা অনুসরণ করে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে তা তুলে ধরেন কর্মশালায়।