২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল ইসলাম বিএসসি ও স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের নামে সুদসহ ১৩ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৫৮ টাকা খেলাপি ঋণ আদায়ে মামলাটি করে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

নুরুল ইসলাম বিএসসি ও স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নুরুল ইসলাম বিএসসি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

একটি বেসরকারি ব্যাংকের করা খেলাপি ঋণের মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং তার স্ত্রী ও পাঁচ পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন সোমবার এ আদেশ দেন। 

আওয়ামী লীগ সরকারের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সানোয়ারা গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। 

সানোয়ারা গ্রুপের একটি কোম্পানি সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের নামে সুদসহ ১৩ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৫৮ টাকা খেলাপি ঋণ আদায়ে মামলাটি করে বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড। 

সেই মামলায় করা আবেদনের প্রেক্ষিতে সোমবার আদালত এই আদেশ দিল। 

চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকের করা আবেদনের প্রেক্ষিতে আদালত বিবাদী সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, তার স্ত্রী ও পাঁচ ছেলে আপত্তি দাখিল না করা পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। 

“এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার বিশেষ পুলিশ সুপারকে (অভিবাসন) নির্দেশ দিয়েছে আদালত।” 

যে সাতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের মধ্যে নুরুল ইসলাম বিএসসি সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার স্ত্রী সানোয়ারা বেগম ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। 

বাকিরা হলেন নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, জাহেদুল ইসলাম, কামরুল ইসলাম এবং ওয়াহিদুল ইসলাম। এই পাঁচজনই কোম্পানির পরিচালক। 

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পক্ষে আবেদনটি করেন ব্যাংকের ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট) আরিফুল হক। 

আবেদনে বলা হয়, ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে যে ঋণ নেওয়া হয়েছে, তার বিপরীতে কোনো সম্পদ বন্ধক রাখা হয়নি। 

ওই আবেদনে ব্যাংক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, পাসপোর্ট জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছিল।