চাকসু নির্বাচনের আচরণবিধি প্রকাশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ক্ষেত্রেও শর্তারোপ করা হয়েছে বিধিমালায়।
সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়েছে।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ আচরণবিধি নিয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন।
আচরণবিধিতে বলা হয়েছে, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ‘ডোপ টেস্ট’ ফলাফল পজেটিভ হলে তার প্রার্থিতা বাতিল হবে। কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে সশরীরে গিয়ে প্রত্যাহার করতে হবে।
মনোয়ন গ্রহণ ও জমা দেওয়ার সময় মিছিল ও শোভাযাত্রার পাশাপাশি পাঁচজনের বেশি সমর্থক নেওয়া যাবে না।
নির্বাচনি প্রচার ও মনোনয়ন গ্রহণ ও জমাদানের সময় কোনো প্রার্থী যানবাহন ব্যবহার করতে পারবে না। নির্বাচনের দিন অনুমোদিত যানবাহন ছাড়া কোনো যানবাহন ক্যাম্পাসে চলাচল করতে পারবে না। ভোটারদের আনা-নেওয়ার ক্ষেত্রেও কোনো যানবাহন ব্যবহার করা যাবে না।
বিধিতে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর নির্বাচনের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার চালানো যাবে। সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে প্রচার চালাতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ক্ষেত্রেও কিছু শর্তারোপ করা হয়েছে বিধিমালায়।
বলা হয়েছে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন, গুজব, মানহানিকর আচরণ, অশালীন বক্তব্য, উসকানিমূলক ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন অসত্য তথ্য ছড়ানো যাবে না।
বিধি ভঙ্গের অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভা-সমাবেশের বিষয়ে আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থীর পক্ষে সভা-সমাবেশ করতে হলে তা সংশ্লিষ্ট হলের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি কর্মকর্তার কাছ থেকে ২৪ ঘন্টা আগে লিখিত অনুমতিপত্র নিতে হবে। প্রার্থীর পক্ষে হলে একটি এবং বিশ্ববিদ্যালয়ে তিনটি ‘প্রজেকশন মিটিং’ করতে পারবে।
এ ছাড়া শ্রেণিকক্ষ, পরীক্ষার হলে নির্বাচনি প্রচার ও চলাচলে অসুবিধা সৃষ্টি করে এমন স্থানে সভামঞ্চ করতে নিষেধ করা হয়েছে আচরণবিধিতে।
পোস্টার ৬০ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ৪৫ সেন্টিমিটার প্রস্থের মধ্যে সাদাকালো করতে হবে। কোথাও কোনো ধরনের পোস্টার ও লিফলেট সাঁটাতেও নিষেধ করা হয়েছে।
ভোটের দিন ক্যাম্পাসে অনুমোদিত ব্যক্তি ছাড়া বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। বিভিন্ন সময়ে চাকসু নির্বাচন নিয়ে কথা উঠেলেও ভোটের আয়োজন হয়নি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গত ২৮ অগাস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এর আগে চাকসুর সবশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।
