২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাওন হত্যার বিচার না করলে সরকার পতনের আন্দোলন: বিএনপির শাহাদাত

শাওন যুবদলের পরীক্ষিত নেতা দাবি করে তাকে নিয়ে আওয়ামী লীগ ‘নোংরা’ রাজনীতি করছে বলে অভিযোগ করেন এ বিএনপি নেতা।

শাওন হত্যার বিচার না করলে সরকার পতনের আন্দোলন: বিএনপির শাহাদাত

শনিবার নগর বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 09:40 PM

Updated : 03 Sep 2022, 09:40 PM

নারায়ণগঞ্জে ‘যুবদল নেতা’ শাওনকে গুলি করে হত্যার বিচার দাবি করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেছেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সরকার পতনের আন্দোলন ডাকা হবে।

এছাড়া বিএনপি’র কর্মসুচিতে ‘গুলি করে’ সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার নগর বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তার দাবি, নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশই গুলি করে যুবদলকর্মী শাওনকে হত্যা করেছে। শাওন যুবদলের পরীক্ষিত একজন সক্রিয় কর্মী।

“সরকার সারাদেশে বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে। অবিলম্বে শাওন হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় অচিরেই সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিএনপির এ নেতা বলেন, দলীয় কর্মসূচিতে শাওনের অংশগ্রহণের অনেক ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সে যুবদলের কর্মী নয় বলে পুলিশ ও সরকার এখন মিথ্যাচার করছে। নিহত শাওনকে নিয়ে আওয়ামীলীগ নোংরা রাজনীতি করছে।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, “আমরা কখনও সন্ত্রাস ও বিশৃঙ্খলায় বিশ্বাস করি না। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলতে চাই, আপনারা আমাদের শত্রু নন। আপনারা এই দেশের সন্তান। দেশের স্বাধীনতাকে রক্ষা করা আপনাদেরও দায়িত্ব।

“শুধু আওয়ামী লীগের কথা শুনে নিরীহ জনগণের ওপর গুলি করা আপনাদের দায়িত্ব নয়। আমরা অনুরোধ করব, আপনারা অন্যায় কোনো হুকুম মানবেন না।”

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় এতে কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বক্তব্য দেন।