২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে বস্তায় ৫ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৯ জন

মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 02:38 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে একটি মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা বলে র‌্যাব জানিয়েছে।

শুক্রবার রাতে এসব ইয়াবা জব্দ করা হয় বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তার রোহিঙ্গারা হলেন, সৈয়দ আলম, সুলতান আহমেদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ কাসিম ও মোহাম্মদ ইসমাইল। 

অন্য চারজন হলেন, শাহ আলম, আজম উল্লাহ, মোহাম্মদ ফারুক ও সানাউল্লাহ। তারা দাবি করেছেন যে তাদের বাড়ি টেকনাফে। 

সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান বলেন, মিয়ানমার সীমান্ত থেকে সাগর পথে চট্টগ্রামে একটি ইয়াবার চালান আসছে, এ খবর পাওয়ার পর র‌্যাবের একটি দল কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় যায়। 

র‌্যাবের দলটি সেখানে অবস্থান করা একটি মাছ ধরার ট্রলারে তিনটি বস্তায় এসব ইয়াবা পায় এবং ট্রলারে থাকা নয়জনকে আটক করে।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট এনে চট্টগ্রামে বিক্রির একটি চক্রের সাথে জড়িত।

জব্দ করা পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেটের দাম আনুমানিক ১৫ কোটি টাকা বলে র‌্যাবের ভাষ্য।